স্পোর্টস ডেস্ক : আগামী ২৭ জানুয়ারি বাংলাদেশে বসতে যাচ্ছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের আসর। যুব বিশ্বকাপকে সমানে রেখে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পরামর্শক করা হয়েছিল জাতীয় দলের সাবেক অস্ট্রেলিয়ান কোচ স্টুয়ার্ট ল’কে। যুব বিশ্বকাপে ভালো করার জন্য মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তরদের নিয়ে বেশ ভালোভাবেই কাজ করছিলেন জাতীয় দলের সাবেক এই কোচ।
তবে গত সেপ্টেম্বরে নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশ সফর স্থগিত করেছিল অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। তাই অক্টোবরে আর বাংলাদেশে আসেননি স্টুয়ার্ট ল’। এক মাসও বাকি নেই জুনিয়র টাইগারদের। অবশেষে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দলের সাবেক এই অস্ট্রেলিয়ান কোচ। আগামী ৩ জানুয়ারি স্টুয়ার্ট ল’র ঢাকায় আসার কথা রয়েছে বলে রোবববার জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন।
অনূর্ধ্ব-১৯ দলের পরামর্শক হিসেবে স্টুয়ার্ট ল’র সঙ্গে বিসিবি যখন চুক্তি করেছিল। ওই সময় বিসিবি তাকে শর্ত দিয়েছিল তিন দফায় বাংলাদেশে এসে যুবাদের সঙ্গে কাজ করবেন। প্রথমবার চুক্তি এবং সূচি অনুযায়ী এসেছিলেন অস্ট্রেলিয়ান এই কোচ। তবে অক্টোবরে দ্বিতীয় দফায় আর আসেননি তিনি। দেখিয়েছিলেন নিরাপত্তা ঝুঁকির অজুহাত। যদিও ওই সময় জাতীয় দলের সাবেক এই কোচ চুক্তির শর্তটা না মানলেও তার প্রতি অনেক নমনীয় ছিল বিসিবি।
অনুর্ধ্ব-১৯ দলের পরামর্শক হিসেবে স্টুয়ার্ট ল’র সঙ্গে ১৬ সপ্তাহের চুক্তি করেছিল বিসিবি। প্রথম দফায় যুবাদের নিয়ে কাজ করলেও দ্বিতীয় দফায় চার সপ্তাহ কাজ করেননি জাতীয় দলের সাবেক এই অস্ট্রেলিয়ান কোচ। এবার তৃতীয় দফায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শেষ করে তবেই দেশে ফিরবেন স্টুয়ার্ট ল’। কারণ আগামী ২৭ জানুয়ারিতে বাংলাদেশে শুরু হবে যুব বিশ্বকাপ।

