স্পোর্টস ডেস্ক : একইসঙ্গে এ্যাওয়ার্ড জিতল বার্সেলোনা ও লিওনেল মেসি। দুবাইতে সপ্তমবারের মতো অনুষ্ঠিত গ্লোব সকার এ্যাওয়ার্ডে বার্সা সেরা ক্লাব ও মেসি সেরা খেলোয়াড়ের পুরস্কার পান। রোববার অনুষ্ঠিত এই এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে যোগ দিতে আর্জেন্টিনা থেকে দুবাই যান মেসি।
এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বার্সেলোনার এই আর্জেন্টাইন তারকা বলেন, ‘এমন এ্যাওয়ার্ড পাওয়াটা সত্যি দুর্দান্ত কিছু। তবে আমি সবসময় বলি যে, এটা কেবল দলের কারণেই সম্ভব হয়েছে। এই বছরটা সত্যি ছিল অসাধারণ।’
চলতি বছর বার্সেলোনা পঞ্চক শিরোপা জিতেছে। যার মধ্যে রয়েছে স্প্যানিশ লা লিগা, কোপা দেল রে, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপিয়ান সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ। এবার বার্সা শুধু হেরেছে স্প্যানিশ সুপার কাপে। এ্যাথলেটিকো বিলবাওয়ের কাছে এই প্রতিযোগিতায় হেরে সব শিরোপা জয় থেকে বঞ্চিত হয়েছে।
বেলজিয়ামের কোচ মার্ক উইলমটস গ্লোব সকার এ্যাওয়ার্ডে সেরা ম্যানেজারের পুরস্কার পেয়েছেন। আর সেরা ক্লাব একাডেমি নির্বাচিত হয়েছে পর্তুগিজ ক্লাব বেনফিকার একাডেমি। প্লেয়ার ক্যারিয়ার এ্যাওয়ার্ড জিতেছেন ইংল্যান্ডের ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড ও ইতালির আন্দ্রে পিরলো।

