ঢাকাSunday , 27 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেমিতে আফগানিস্তান, বিদায় বাংলাদেশের

Link Copied!

bangladeshস্পোর্টস ডেস্ক : মালদ্বীপের সঙ্গে ৩-১ গোলে হারের পরই বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। তারপরও কাগজে কলমে সেমির খেলার স্বপ্ন চিকন সুতোর উপর ঝুলছিল বাংলাদেশের। কিন্তু শনিবার রাতে সেই চিকন সুতোও ছিড়ে গেছে মামুনুলদের। বি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে সাফ ফুটবলের সেমিফাইনালে পৌছে গেছে আফগানিস্তান। সেই সঙ্গে কাগজে-কলমের হিসাবও সাঙ্গ হয়েছে বাংলাদেশের। টানা তৃতীয়বারের মতো সাফ ফুটবলের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। আগামীকাল ২৮ ডিসেম্বর ভুটানের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য নিতান্তই নিয়মরক্ষার।
প্রথম ম্যাচে আফগানিস্তানের সঙ্গে ৪-০ গোলে হার। শনিবার দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের সঙ্গে তাই জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। উল্টো কেরালার ত্রিবান্দ্রাম স্টেডিয়ামে ৩-১ গোলে হেরে যায় বাংলাদেশ। টানা দুই হারে বিদায় সুনিশ্চিত, তবে ছিল যদি, কিন্তুর হিসাব। সেটা কেমন, যদি আফগানিস্তান পরের দুটি ম্যাচেই হারে, আর বাংলাদেশ যদি শেষ ম্যাচে বেশ বড় ব্যবধানে ভুটানকে হারায়, তবেই।
কিন্তু আফগানদের হাতে থাকা সেই ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। দুর্বল ভুটানকে অতি সহজেই হারিয়েছে তারা। মালদ্বীপের পর দ্বিতীয় দল হিসাবে সাফ ফুটবলের সেমির খেলাও নিশ্চিত করেছে গেল আসরের চ্যাম্পিয়নরা। সেই সঙ্গে বি গ্রুপে বাংলাদেশের সঙ্গে বিদায় নিশ্চিত হয়েছে ভুটানেরও। ২৮ ডিসেম্বর মালদ্বীপ-আফগানিস্তানের লড়াইটা তাই রুপ নিচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ভুটানের বিরুদ্ধে আফগানিস্তানের হয়ে জোড়া গোল করেছেন খাইবার আমিনি। একটি গোল করেছে মাসি সাইগহানি। বি গ্রুপে দুই জয়ে মালদ্বীপ ও আফগানিস্তানের পয়েন্ট সমান ৬। আর ভুটান ও বাংলাদেশের পয়েন্ট শূন্য।
কিন্তু এটাই কি হওয়ার কথা ছিল বাংলাদেশের। অনেক আশা করে এবার সাফ ফুটবলে গিয়েছিল বাংলাদেশ। নতুন কোচ হিসাবে অনেক স্বপ্নই দেখিয়েছিলেন মারুফুল হক। শুধু সেমি নয়, শিরোপার স্বপ্নই দেখেছিল মামুনুল শিবির।
কিন্তু স্বপ্ন আর বাস্তবতার ফারাকটা ভালোমতোই বুঝেছে জাতীয় দল। দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত এই আসরে প্রতিপক্ষের সঙ্গে টক্কর দেয়ার যে ক্ষমতা, সেটা আসলে এখন আর নেই বাংলাদেশের। সেটা কোচ কিংবা দলে আমূল পরিবর্তনেও আসবে না। দরকার দলকে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা।
সাফ ফুটবলে বাংলাদেশের একমাত্র ও সর্বশেষ শিরোপা সেই ২০০৩ সালে, ঘরের মাঠে। এরপরের আসরে রানার্স আপ (২০০৫ সালে)। ২০০৯ সালে শেষবারের মতো সেমি পর্যন্ত গিয়েছিল বাংলাদেশ। সেই আসরও হয়েছিল বাংলাদেশের মাটিতে। এরপর টানা তিন আসরে গ্রুপ পর্ব থেকে বিদায়। কোন পথে হাঁটছে বাংলাদেশের ফুটবল।