স্পোর্টস ডেস্ক : জিতলেই পয়েন্ট তালিকায় শীর্ষে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে রোববার সেই সুযোগটি নিতে পারেনি আর্সেনাল। উল্টো সাউদাম্পটনের মাঠে রীতিমতো বিধ্বস্ত হয়েছে গানার শিবির। ৪-০ গোলে হেরে আসতে হয়েছে ওয়েঙ্গার বাহিনীকে।
ফলে ১৮ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই থাকল আর্সেনাল। আগের ম্যাচে হেরেও ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করে রেখেছে চলতি মৌসুমের আলোচিত দল লিচেস্টার। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তালিকায় তৃতীয় স্থান ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি।
ঘরের মাঠে ১৯ মিনিটেই এগিয়ে যায় সাউদাম্পটন। গোলটি করেন কুকো মার্টিনা।প্রায় ৩০ মিটার দূর থেকে বাঁকানো শটটি ঠেকানোর কোনো সুযোগ পাননি আর্সেনাল গোলরক্ষক পিওতর চেক (১-০)। প্রথমার্ধ শেষ হয় এই ব্যবধানেই।তবে এই অর্ধে ব্যবধান দ্বিগুণ করতে পারত সাউদাম্পটন। কিন্তু চেককে একা পেয়েও বল তার মাথার উপর দিয়ে মারতে গিয়ে ক্রসবার পার করে দেন শেইন লং।
দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে আগের ভুলের প্রায়শ্চিত্ত করেন লং।সাদিও মানের নীচু ক্রসে খুব কাছ থেকে বল জালে জড়িয়ে দেন আইরিশ এই স্ট্রাইকার। ব্যবধান তখন ২-০। ম্যাচে ফিরতে মরিয়া তখন আর্সেনাল। কিন্তু কোথায় কী? উল্টো শেষ অবধি আরও দুই গোল হজম করতে হয়েছে তাদের।
৬৯ মিনিটে কর্নার থেকে জোরাল হেডে সাউদাম্পটনের হয়ে তৃতীয় গোলটি করেন পর্তুগিজ ডিফেন্ডার জোসে ফনটে (৩-০)। তবে এরপর একটি গোলের শোধ দেয়ার সুযোগ পেয়েছিল আর্সেনাল। কিন্তু পারেননি অলিভার গিরাউড। উল্টো ম্যাচের শেষ মুহূর্তে নিজের দ্বিতীয় গোল করে দলকে উৎসবে মাতান শেইন লং। ৪-০ গোলের দাপটে জয় নিয়ে মাঠ ছাড়ে সাউদাম্পটন। অন্যদিকে ২০১৪ সালের পর লিগে সবচেয়ে বাজে হারের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।

