নিজস্ব প্রতিবেদক : কারিগরি শিক্ষা আমাদের ভবিষৎ, কারিগরি শিক্ষা ছাড়া উন্নয়ন অসম্ভব বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শনিবার ইনিস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) ভবনে আয়োজিত স্কিল কম্পিটিশন-২০১৫- এর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘দক্ষ জনবল তৈরি করতে আমরা কাজ করে যাচ্ছি। প্রযুক্তির সমন্বয়ে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে ২০০৯ সালে কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ শুরু করে। তখন মাত্র এক শতাংশ শিক্ষার্থী কারিগরি শিক্ষায় অংশ নিতো। সে বছর আমরা কারিগরি শিক্ষা সপ্তাহ উদযাপন করি। মানুষ মনে করতো কারিগরি শিক্ষা লজ্জার। তাদেরকে আমরা বুঝিয়েছি। বুঝিয়ে যাচ্ছি কারিগরি শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য। বর্তমানে মোট শিক্ষার্থীর ১০ শতাংশ শিক্ষার্থী কারিগরি শিক্ষা নিচ্ছে। ২০২০ সালের মধ্যে শিক্ষার্থীর এ হার ২০ শতাংশে উন্নিত করতে আমরা কাজ চালিয়ে যাচ্ছি।’
কারিগরি শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ সন্তোষজনক উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘শুরুর দিকে মেয়েদের অংশগ্রহণ ছিল একবারে কম। আমরা মেয়েদের জন্য ১০ শতাংশ কোটা চালু করি। আর এখন ২০ শতাংশ কোটা দিয়েও সংকুলান হচ্ছে না। যা আমাদের জন্য অনেক বড় অর্জন। আমরা সবার জন্য সমান সুযোগ প্রদান করে এগিয়ে যেতে চাচ্ছি।’
এর আগে মন্ত্রী সাদা ফিতা কেটে স্কিল কম্পিটিশন ২০১৫ এর উদ্বোধন করেন। প্রতিযোগিতায় প্রায় ৫০টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান তাদের উদ্ভাবনী প্রজেক্টগুলো প্রদর্শন করে। মন্ত্রী সেগুলো ঘুরে দেখেন। উদ্ভাবকদের সঙ্গে কথা বলেন। তাদেরকে উৎসাহ যোগান। দেশের জন্য ভালো কাজ করার পরামর্শ দেন।
উল্লেখ্য, প্রাথমিকভাবে সারাদেশ থেকে ২৭৯টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অঞ্চলভিত্তিক যাচাই-বাছাই শেষে ৫০টি প্রতিষ্ঠানকে তাদের উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শনের জন্য মনোনীত করা হয়। দুপুর আড়াইটা পর্যন্ত চলবে তাদের এ প্রদর্শনী। তারপর শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে বিজয়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।
প্রসঙ্গত, শিক্ষামন্ত্রীর নেতৃত্বে সকাল ৯টায় জাতীয় জাদুঘরের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি মৎস ভবন হয়ে আইডিইবি ভবনের সামনে এসে শেষ হয়।
শিক্ষামন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. আশোক কুমার বিশ্বাসের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব মো. সোহরাব হোসন, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারমান ড. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

