ঢাকাSaturday , 26 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উইন্ডিজকে বয়কটের সিদ্ধান্ত ভারতের প্রত্যাহার

Link Copied!

West Indies v Zimbabwe - 2015 ICC Cricket World Cupস্পোর্টস ডেস্ক : শত চেষ্টার পরও এই বছর ভারত-পাকিস্তান সিরিজ হলো না। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সিরিজ আয়োজন করতে কোনো কিছুর কমতি রাখেনি। ভারতীয় বোর্ডের তরফে সেরকমভাবে সাড়া না মেলায় সম্ভব হয়নি বহুল প্রত্যাশিত পাক-ভারত সিরিজ। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবি) সম্পর্ক পুনঃস্থাপন হয়েছে। গত বছর ভারত সফরে এসে ডব্লিউআইসিবি’র সম্মতি ছাড়াই সিরিজ শেষ না করেই দেশের বিমানে উঠেছিল ওয়েস্ট ইন্ডিজ দল। এর পরপরই ওয়েস্ট ইন্ডিজকে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই।
অবশেষে দু’দেশের বোর্ডের মধ্যে সম্পর্ক জোড়া লাগলো। আবার মাঠে গড়াবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। আগামী জুলাই-আগষ্টে চার টেস্টের সিরিজ খেলতে উইন্ডিজ সফরে যাবে ভারত। বিসিসিআইয়ের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পরই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন উইন্ডিজ বোর্ডের প্রেসিডেন্ট ডেভ ক্যামেরন। জানা গেছে, এই নিয়ে গত সপ্তাহে দু’দেশের বোর্ডের মধ্যে আলোচনাও হয়েছে।
তবে একটা বিষয় এখানে পরিষ্কার করা হয়েছে যে, গত বছরের অসম্পূর্ণ ওয়ানডে সিরিজ ভারতে খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। ডব্লিউআইসিবি প্রেস বিজ্ঞপ্তিতে ভারতে অসম্পূর্ণ সিরিজ শেষ করার কথাও উল্লেখ করেছে, ‘ওয়েস্ট ইন্ডিজ বোর্ড এবং প্লেয়ার্স এসোসিয়েশন যৌথভাবে গত বছরের অসম্পূর্ণ সিরিজ সম্পূর্ণ করার প্রতিশ্রুতির শর্তেই বিসিসিআই ২০১৬ সালে ভারতীয় দলকে চার টেস্টের সিরিজ খেলাতে রাজি হয়েছে। পরে কোন এক সময় অসম্পূর্ণ ওয়ানডে সিরিজ খেলতে ভারতে দল পাঠাতে হবে।’
পারিশ্রমিক নিয়ে ডব্লিআইসিবির সঙ্গে ঝামেলায় জড়িয়ে ভারতে সিরিজ শেষ না করেই গত বছরের অক্টোবরে ডোয়াইন ব্রাভোর দল দেশে ফিরে যায়। সেই সিরিজে তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে এবং একটি টি২০ হওয়ার কথা ছিল। কিন্তু ধর্মশালায় চতুর্থ ওয়ানডের পরই উইন্ডিজ দল সদলবলে দেশে ফিরে যায়। এই নিয়ে প্রথমে বড় অঙ্কের আর্থিক ক্ষতির দাবি করলেও পরে সেখান থেকে সরে আসে বিসিসিআই।