স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে ৪-০ গোলের হারের পর মালদ্বীপের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য ম্যাচটি ডু অর ডাই মিশন। সাফ চ্যাম্পিয়নশিপে সেই মিশনে শনিবার মাঠে নেমেছে মামুনুলরা। ভারতের কেরালার স্পোর্টস হাব ত্রিবান্দ্রাম স্টেডিয়ামে বিকাল ৪টায় শুরু হয়েছে ম্যাচটি।
শুরু থেকে বেশ ভালোই খেলছিল বাংলাদেশ। বল পজিশন ছিল চোখের পড়ার মতো। ১১ মিনিটেই প্রথম গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে জাহিদের শট পোস্টের বাইরে দিয়ে জড়ায় জালে। ২৬ মিনিটে সুবর্ণ সুযোগ ছিল গোলের। এবার ওয়ালি ফয়সাল মালদ্বীপের রক্ষণকে পাশ কাটিয়ে বল দেন জাহিদকে। জাহিদ হেড নিয়েছিলেন, কিন্তু তা বারপোস্টে লেগে ফেরত আসে। দুর্ভাগ্য মামুুনুলদের।
এর মিনিট দুয়েক পর কাজের কাজটি করতে পারেননি হেমন্ত। জামাল ভূঁইয়ার ক্রস থেকে গোল মুখে ঢুকে পড়েছিলেন তিনি। কিন্তু সুবিধামতো শট নিতে পারেননি। শুরুর দিকে একাধিক গোলের সুযোগ তৈরি করা বাংলাদেশ কিছুক্ষণ পরেই পেনাল্টির বাঁশিতে হতভম্ব। ৪১ মিনিটে মালদ্বীপের ইমাজ আহমেদের শট নিজেদের বক্সের মধ্যে হাত দিয়ে প্রতিহত করেন বাংলাদেশের ওয়ালি ফয়সাল। ফলে পেনাল্টি পায় মালদ্বীপ।
সেই সুযোগ নষ্ট করেননি মালদ্বীপের তুখোর স্ট্রাইকার আলী আশফাক। বা প্রান্ত দিয়ে তিনি পরাস্ত করেন বাংলাদেশের গোলরক্ষক শহিদুল আলম সোহেলকে। ১-০তে লিড নেয় মালদ্বীপ। শেষ পর্যন্ত এক গোলে পিছিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া ছিল বাংলাদেশ। কিন্তু কাজের কাজ হচ্ছিল না। ৫৩ মিনিটি বাংলাদেশ অধিনায়ক মামুনুল ইসলামের প্রচেষ্টা পূর্ণতা পায়নি। হেমন্তের ক্রসে তিনি মাথায় ছোয়ালেও বল খুঁজে পায়নি জাল। ৫৫ মিনিটে রাইট উইংয়ে আব্দুল্লাহকে পরাস্ত করে বল পাঠিয়েছিলেন প্রতিপক্ষের বক্সে, কিন্তু সেই সুযোগ নিতে পারেনি বাংলাদেশের কেউ।
এর মিনিট তিনেক পর মাঝ মাঠ থেকে রায়হান বল দেন উইঙ্গার জাহিদকে। জাহিদ দারুণ ক্রস দিয়েছিলেন, কিন্তু তা ধরতে পারেনি হেমন্ত কিংবা শাখাওয়াত। আবারও হতাশা। এরই মধ্যে দ্বিতীয়ার্ধে বাংলাদেশ তিনটি কর্ণার পায়, কিন্তু কাজে দেয়নি একটিতেও।
৬৫ মিনিটে বাংলাদেশের হয়ে দুর্দান্ত এক গোল সেভ করেন গোলরক্ষক সোহেল। ফাসির আলীর বাঁকানো ফ্রি কিক ডান দিকে ঝাপিয়ে পড়ে রক্ষা করেন বাংলাদেশ গোলরক্ষক। ফিরতি বলে শট নিয়েছিলেন মালদ্বীপের ইমাজ আহমেদ। তাও তালুবন্দী করেন সোহেল।
বাংলাদেশ সাফে এবার ‘বি’ গ্রুপে খেলছে। যেখানে তাদের সঙ্গী আফগানিস্তান, মালদ্বীপ ও ভুটান। এটি বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। শেষ ম্যাচটি ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

