বিনোদন ডেস্ক : ‘প্রোফেটদের মধ্যে জেসাস (ইসা আ:) আর মোজেস (মুসা আ:) কে আমার খুব ভালো লাগে। তাদের মধ্যে একধরণের ম্যাজিক্যাল পাওয়ার আছে। ম্যাজিক এবং মিরাকলে আমি খুব বিশ্বাসী। আমার লাইফেও অনেক ম্যাজিক-মিরাকল আছে। যেমন অভিনয়টা আমার কাছে ম্যাজিক, ঠিক কবিতা লেখার মতো। কবিতায় যেমন শব্দকে ধরে ধরে এনে দৃশ্য দাঁড় করাতে হয়, অভিনয়েও ঠিক তেমন। বরং আরো বেশি কিছু। এখানে শরীর মন সব দিয়েই পারফর্ম করতে হয়। তাই অভিনয়টা খুব এনজয় করছি।’
ক্রিস্টমাস ডে উপলক্ষ্যে বনানী চার্চে তার সঙ্গে দেখা। চার্চের পাশেই কফিশপ ‘ক্যাফেইন’। সেখানে কফি খেতে খেতে চলছিলো আলাপ। নাম তার তাসমিনা ক্যাটরিনা ক্রোড়ি। ডাক নাম লাবন্য। কবিতা লেখেন তিনি। গানও করেন। ইদানিং ব্যস্ত হয়েছেন অভিনয়ে। নির্মাতা মাসুদ মহিউদ্দিনের ধারাবাহিক ‘নির্বিকার মানুষ’ এবং নগর জোনাকীতে গুরুত্বপূর্ণ দু’টি চরিত্রে দেখা মিলবে তার।
যদিও অভিনয়ের শুরুটা প্রায় দশবছর আগে। প্রয়াত অভিনেতা নির্মাতা বুলবুল আহমেদের নাটকে টনি ডায়েসের বিপরীতে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। একই সময়ে আবুল হায়াতের মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘একটি নীল জামা’য় জাহিদ হাসান শোভনের বিপরীতে অভিনয়ের স্মৃতি জমা আছে তার।
তারপর দীর্ঘ বিরতি। মাঝে ২০১২ তে রুমি রহমানের কম্পোজিশানে প্রথম গানের অ্যালবাম প্রকাশিত হয়।
অভিনয়ে ফিরলেন দু’বছর আগে। ‘গাড়িওয়ালা’ নির্মাতা আশরাফ শিশিরের ‘একটি অর্ধেক প্রেমের গল্প’ চলচ্চিত্রে নায়িকা হিসেবে আলোচনায় এলেন। কিছুদূর শুটিং এরপর চলচ্চিত্রটি যদিও নানা জটিলতায় ২০১৬’র জন্য আটকে আছে। অন্তত নির্মাতা আশরাফ শিশির তেমনটাই জানালেন- আগামী বছর সমাপ্ত হবে ‘অর্ধেক প্রেমের গল্প’। লাবন্যর অপেক্ষাও তাই দীর্ঘায়িত হচ্ছে।
তাই বলে, থেমে ছিলেন না লাবন্য। করপোরেট চাকরির পাশাপাশি উপস্থাপনা করেছে এটিএন বাংলা, চ্যনেল আই, এসএ টিভি এবং বৈশাখীর নানা অনুষ্ঠানে। গেলো ঈদে অনিমেষ আইচের নির্মাণে একঘন্টার ঈদ নাটকে অভিনয় করেন তিনি।
তবে, এখন অভিনয়েই খুব সিরিয়াস তিনি। চাকরি ছাড়লেন। কেননা মাসে ১৬দিনই ব্যস্ত থাকতে হচ্ছে শুটিংয়ে। বললেন, ‘মাসুদ ভাই’র নির্বিকার মানুষ’-এ আমার চরিত্রটা খুব উপভোগ করছি। একঘন্টার বেশ কিছু নাটকের অফার আসছে। দূর্বল চরিত্রে কাজ করতে চাই না। অভিনয়ের গুরুত্ব নেই এমন কাজ করার ইচ্ছাটা নেই আসলে। ’
এ বছর প্রকাশিত হয় লাবন্য’র প্রথম কবিতার বই ‘ফ্রোজেন সাইলেন্স’। প্রশ্ন ছুঁড়লাম, অন্যান্য আর্টফর্মেতো কাজ করছেনই। অভিনয় করতে হবে কেন? বললেন, ‘অভিনয়ের ব্যাপারে আমার সেই ছোটবেলা থেকেই একধরণের ঝোঁক ছিলো। সেটা পূরণ করতেই এবার সিরিয়াস হলাম।’
পরপর দু’বার ব্ল্যাক কফি এলো। ক্রিস্টমাস ডে উপলক্ষ্যে চার্চে কিছু ছবি তোলা হল। মহামতি যীশুর প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদনও হল। কিন্তু কফি শপে এসে যে দেয়ালে আরো আরো গুণী মানুষের নামের মুখোমুখি হয়ে যাওয়া হবে তা ভাবতেও পারেন নি। দেখিয়ে দিতেই ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়লেন। দেয়ালে ছিলেন রবীন্দ্রনাথ, কনফুসিয়াস, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, মার্ক টোয়েনসহ আরো অনেকেই। কিন্তু লাবন্য জানালেন, আমার ফার্স্ট লাভ রবীন্দ্রনাথ!
বললেন, ‘জানেন আমার কি মনে হয়, কবিদের জন্য অভিনয়টা খুব একটা কঠিন কিছু না। কবিতায় ইমোশনটাই তো প্লে করতে হয়। অভিনয়েও তাই। এটাই ম্যাজিক!’
আর মিরাকল? বললেন, ‘এই যে জীবনের নানা ঝড় পেরিয়ে এখন হাসছি, অভিনয় করছি এটাই মিরাকল’।

