বিনোদন ডেস্ক : শেষ পর্যন্ত মরণব্যাধী ক্যান্সারের কাছে হেরেই গেলেন এক সময়ের বলিউডের শীর্ষ পারিশ্রমিক নেয়া নায়িকাদের একজন সাধনা শিবদাসিনি। গত শুক্রবার তিনি মুম্বাইয়ের একটি হাসপাতালে ক্যান্সার আক্রান্ত হয়েই মুত্যু বরণ করেন।
জানা গেছে, ষাট ও সত্তরের দশকের বলিউডের সেরা অভিনেত্রীদের একজন ছিলেন সাধনা। ভারতীয় চলচ্চিত্রের গ্ল্যামারাস হিরোইনদের মধ্যেও তিনি ছিলেন অন্যতম। কিন্তু গত বছর হঠাৎই টিউমার ধরা পড়ে তার। এই সমস্যার কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তারপর সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এ বছর আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। তবে এবার ধরা পড়ে মরণব্যাধী ক্যান্সার। মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তারপর শুক্রবারেই মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
শুধু অভিনেত্রী হিসেবেই নন, ফ্যাশন কুইন হিসেবেও বলিউডে নিজের অবস্থান তৈরি করে নিয়েছিলেন এই আবেদনময়ী অভিনৈত্রী। তার সালোয়ার-কুর্তার ফ্যাশন এ যুগেও হারিয়ে যায়নি। তার হেয়ারকাট এখনও সমানভাবে গ্রহণযোগ্য। অনেকে সেই হেয়ারকাটকে ‘সাধনা কাট’-ও বলেন।
তার মৃত্যুতে বলিউডে রীতিমত শোকের ছায়া। অভিনেত্রী সাধনার মৃত্যুতে শোক জানিয়ে লতা মুঙ্গেশকার বলেন, তার মুত্যুর খবর শোনে প্রচণ্ড দুঃখ পেয়েছি। আমার প্রিয় অভিনেত্রী সাধনার স্বর্গ বাস হোক।
করন যোহর অভিনেত্রী সাধনোকে আন্টি সম্বোধন করে বলেন, আপনার সৌন্দর্যের মধ্যেই আপনি বেঁচে থাকবেন।
এছাড়া ঋশি কাপুর, শ্রতি হাসান, মধুর ভান্ডরকর, আনুশকা শর্মাসহ বলিউডের সকলে তার প্রতি শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, মাত্র পনেরো বছর বয়সে সিনেমায় অভিনয় করার প্রস্তাব পান সাধনা। অনেক ভেবে চিন্তে অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন তিনি। তুমুল জনপ্রিয় অভিনেতা রাজ কাপুরের ছবি ‘শ্রী ৪২০’-এ কোরাস গার্লের ভূমিকায় আত্মপ্রকাশ ঘটে তার, এবং তা ১৯৫৫ সালে।
একটি ছবিতে অভিনয় করেই নেশা পেয়ে বসে তাকে। মনে প্রাণে তারপর অভিনয়কেই পেশা হিসেবে নেয়ার সিদ্ধান্ত নেন সাধনা। এরপর ঠিকই বেশকিছু ছবিতে কাজ করারও প্রস্তাব পেয়ে যান তিনি।পরখ, প্রেম পত্র, মেরা সায়া, হাম দোনো, উয়ো কন থি, ওয়াক্ত, এক ফুল দো মালি, ছোটে সরকার-এর মতো ছবিতে দেখা যায় তাকে। নিজের ক্যারিয়ার জীবনে তিনি প্রচুর ছবি উপহার দিয়েছেন দর্শককে। কাজ করেছেন বিমল রায় থেকে যশ চোপড়ার মতো খ্যাতিমান অনেক পরিচালকের সঙ্গে।

