বিনোদন ডেস্ক : ১১ বছরে পা দিতে যাচ্ছে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন বৈশাখী। ২০০৪ সালে যাত্রা শুরু করে ২০১০ সাল থেকে নতুন আঙ্গিকে উপস্থিত হয়ে দর্শক বিনোদনে ভূমিকা রেখে আসছে চ্যানেলটি।
জানা যায়, ২৬ ডিসেম্বর রাত ১২ টা ১ মিনিটে প্রথম প্রহরে কেক কেটে বৈশাখীর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের শুভ সূচনা করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবাহান চৌধুরী, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুবুল আলম হানিফ, বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানসহ শিল্প ও সংস্কৃতিঅঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
২৭ ডিসেম্বর (রবিবার) সকাল ১১ টায় জাতীয় সংসদের এলডি হলে দ্বিতীয় দফায় কেক কাটবেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমীন চৌধুরী। এসময় উপস্থিত মন্ত্রী পরিষদ সদস্য, রাজনীতিবিদ, শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজন। এদিন সকাল ১১ টা থেকে রাত ১০ টা পর্যন্ত জাতীয় সংসদের এল ডি হলে মিলনমেলার আয়োজন করা হয়েছে। দিনব্যাপী সরাসরি সম্প্রচারিত হবে নানা আয়োজন।
নানা চড়াই-উৎড়াই, সাফল্য ও সংকটে বেশাখীর সাথে থাকার জন্য দর্শক, বিজ্ঞাপনদাতা, ক্যাবল অপারেটর ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়েছেন বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক ও উপব্যবস্থাপনা পরিচালক টিপু আলম।

