স্পোর্টস ডেস্ক : কয়েকদিন আগেই ভারতীয় গনমাধ্যম জি নিউজের শিরোনাম হয়েছিলেন বাংলাদেশের বিস্ময়কর পেসার মুস্তাফিজুর রহমান। সেটা ভারতীয় নতুন পেসার স্রানকে নিয়ে। বলা হচ্ছিল, স্রান ভারতের নতুন মুস্তাফিজ। এবার আবারও ভারতীয় গনমাধ্যমে মুস্তাফিজ আলোচনা। সঙ্গে রয়েছেন বাংলাদেশের আরও এক পেসার রুবেল হোসেন। দুজনই আলোচিত হয়েছেন ভারতের সর্বাধিক প্রচারিত পত্রিকা টাইমস অব ইন্ডিয়াতে। তাদের করা ২০১৫ সালের বর্ষসেরা সেরা দশ বোলিং স্পেলের তালিকায় রয়েছে মুস্তাফিজ ও রুবেলের নাম।
২০১৫ সালটা মুস্তাফিজের জন্য আসলেই মনে রাখার মতো। ভারতের বিরুদ্ধে অভিষেক ওয়ানডে সিরিজেই নিয়েছিলেন ৫০ রানে পাঁচ উইকেট। এরপর পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয়েও তার বিস্ময়কর কাটার ও সুইং কাঁপিয়ে দিয়েছিল বিশ্বসেরা ব্যাটসম্যানদের। এরই বদৌলতে কিছুদিন আগে মুস্তাফিজ প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসাবে জায়গা করে নেন আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে।
সেখানে বর্ষসেরা পেসারের তালিকায় টাইমস অব ইন্ডিয়া মুস্তাফিজকে বাদ দেয়ার সাহস অন্তত দেখায়নি। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে দ্বিতীয় স্পেলে বোলিং করার কারণেই উঠে এসেছে মুস্তাফিজের নাম। ৩৬ থেকে ৪৪ ওভার—এ সময়ে ৫ ওভারেই মুস্তাফিজ একে একে তুলে নেন সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি, অক্ষর প্যাটেল, রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাকে। দুর্দান্ত এই স্পেলের কারণেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ।
রুবেল হোসেনকে নেয়া হয়েছে মূলত গেল ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্সের কারণে। অ্যাডিলেডে ইংল্যান্ডের বিরুদ্ধে রুবেলের দুটি স্পেল ঘুড়িয়ে দিয়েছিল ম্যাচের মোড়। ২৭তম ওভারের দ্বিতীয় বলে ফিরিয়েছিলেন সেট ব্যাটসম্যান ইয়ান বেলকে (৬৩)। চতুর্থ বলে শূন্য রানে আউট করলেন অধিনায়ক এউইন মরগ্যানকেও। চমক বাকি ছিল আরও। ৪৯ ওভারে স্নায়ুক্ষয়ী মুহূর্তে রুবেল হয়ে উঠলেন আরও দুরন্ত। ভয়ংকর ইয়র্কারে বিদায় করলেন শেষ দুই ব্যাটসম্যান স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসনকে। সেই সঙ্গে অবিশ্বাস্য এক জয়ে বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করেছিল বাংলাদেশ।
২০১৫ সালে ম্যাচ বদলে দেওয়া স্পেলে টাইমস অব ইন্ডিয়ার তালিকায় মুস্তাফিজ ও রুবেল ছাড়াও আছেন টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, মিচেল স্টার্ক, ইমরান তাহির, কাগিসো রাবাদা, মিচেল ম্যাকক্লেনাহান, মরনে মরকেল ও মিচেল মার্শ।

