স্পোর্টস ডেস্ক : দুই কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে এবং কুমার সাঙ্গাকারা আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পর থেকে ভাঙা-গড়ার মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলংকা দল। এ অবস্থায় দলটাকে গুছানোর চেষ্টার কোনো কমতি রাখছেন না লংকান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। এই কাজটা ভালোভাবে করতে তার যে আরও সময় দরকার সেটা বোঝা যাচ্ছে নিউজিল্যান্ড সফরে। দুই টেস্টের সিরিজে দুটিতেই হেরে হোয়াইটওয়াশ হতে হয়েছে শ্রীলংকাকে। শনিবার থেকে ক্রাইস্টচার্চে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। বাংলাদেশ সময় ভোর চারটায় প্রথম ম্যাচটি শুরু হবে।
ব্রেন্ডন ম্যাককালামের নেতৃত্বে নিউজিল্যান্ড অন্য উচ্চতায় চলে গিয়েছে। তারওপর ঘরের মাঠের সুবিধা তো আছেই। এই অবস্থায় টেস্টের মতো যে ওয়ানডে সিরিজেও শ্রীলংকাকে বড় পরীক্ষা দিতে হবে সেটা না বললেও চলে। লংকানদের জন্য হতাশা হয়ে এসেছে পেস আক্রমনের বড় অস্ত্র লাসিথ মালিঙ্গাকে হারানো। শ্রীলংকার টিম ম্যানেজম্যান্ট ইতোমধ্যে নিশ্চিত করে জানিয়েছে, প্রথম দুটি ওয়ানডেতে পাওয়া যাবে না মালিঙ্গাকে। পুরোপুরি ফিট না হলে গোটা সিরিজে তাকে নাও দেখা যেতে পারে।
মালিঙ্গার জায়গায় দলে ঢুকেছেন বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলা থিসারা পেরেরা। টেস্ট সিরিজে না থাকা তিলকরত্নে দিলশান, লাহিরু থিরিমান্নে এবং নুয়ান কুলাসেকারাও দলের সঙ্গে যোগ দিয়েছেন। ফলে একটা ভারসাম্যপূর্ণ দলই পাবেন ম্যাথিউস।
গত এক বছরে শ্রীলংকা-নিউজিল্যান্ড পরস্পরের মুখোমুখি হয়েছে মোট আটবার। ছয়বারই বিজয়ী দলের নাম নিউজিল্যান্ড। ঘরের মাঠের সিরিজে তাই অবধারিতভাবে ফেবারিট স্বাগতিকরা। তবে চোটের কারণে কিউইরা পাচ্ছে না অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন, জেমস নিশাম এবং গ্রান্ট ইলিয়টকে। প্রথম দুটি ও তিনটি ওয়ানডের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে যথাক্রমে টিম সাউদি এবং ট্রেন্ট বোল্টকে।
২০১৫ সালে এক পঞ্জিকাবর্ষে ওয়ানডেতে সবচেয়ে বেশি ১৩১৭ রানের মালিক ‘গোল্ডেন বয়’ কেন উইলিয়ামসন। গড় ৫৭.২৬। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের বিশ্বকাপ হিরো মার্টিন গাপটিল (১২৮৭)। এই তালিকায় চতুর্থ স্থানটি লংকান ওপেনার তিলকরত্নে দিলশানের। খুব সম্ভবত এই সিরিজেই আরেকটি মাইলফলকে পৌঁছতে যাচ্ছেন ম্যাককলাম। তিনি আর মাত্র ৯১ রান করতে পারলেই ছয় হাজারী ক্লাবে নাম লেখাবেন।
শ্রীলংকা (সম্ভাব্য): তিলকরত্নে দিলশান, লাহিরু থিরিমান্নে, দানুশকা গুনাথিলাকা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), মিলিন্দা শ্রীবর্ধনে, থিসারা পেরেরা, নুয়ান কুলাসেকারা, সচিত্রা সেনানায়েকে, দুশমন্ত চামিরা ও সুরঙ্গা লাকমল।
নিউজিল্যান্ড (সম্ভাব্য): ব্রেন্ডন ম্যাককালাম ( অধিনায়ক), মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন, রস টেলর, হেনরি নিকোলস/জর্জ ওয়ার্কার, মিচেল সাটনার, লুক রনকি, ডগ ব্রেসওয়েল, অ্যাডাম মিলনে, ইশ সোদি ও মিচেল ম্যাকক্লেনগান।

