বিনোদন ডেস্ক : নতুন বছর এখনো আসেনি। তার আগেই বলিউডে জমে উঠছে নতুন বছরের সিনেমা নিয়ে নানান গুঞ্জন আর আলোচনা। এরমধ্যে প্রধান গুঞ্জন ছিল, আসছে বছরে মুখোমুখি হতে যাচ্ছেন সুপারস্টার অভিনেতা সালমান খান ও বাদশাহ খ্যাত অভিনেতা শাহরুখ খান! এমন গুঞ্জন বেশ ক’দিন ধরেই শোন গিয়েছিল! কিন্তু এবার পুরোপুরি নিশ্চিত হওয়া গেল।
গুজব নয়, সত্যি সত্যিই আসছে বছরে ঈদে বক্স অফিস দখলের লড়াইয়ে মুখোমুখি হতে চলেছেন বলিউড সুপারস্টার অভিনেতা সালমার খান এবং শাহরুখ খান। চলতি বছরে তাদের মুখোমুখি হওয়া নিয়ে নানান খবর ছড়ালেও শেষ পর্যন্ত খবরটি সত্যই হতে চলেছে। সব ঠিকঠাক থাকলে আসছে বছরের ঈদে সালমান অভিনীত ছবি ‘সুলতান’-এর মুখোমুখি হতে যাচ্ছে শাহরুখ খানের ‘রইস’।
যদিও সালমান-শাহরুখের মুখোমুখি হওয়া নিয়ে এতোদিন কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি। কারণ সালমানের ‘সুলতান’-এর পক্ষ থেকে বলা হয়েছিল যে আসছে বছরের দীপাবলিতে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি, অন্যদিকে ঈদের জন্য আগেই বরাদ্ধ ছিল শাহরুখ অভিনীত ছবি ‘রইস’। কিন্তু শেষ পর্যন্ত দীপাবলিতে নয়, বরং ঈদেই ‘সুলতান’ মুক্তির কথা ভাবছে সালমান। আর এমনটা হলে আসছে বছরে শাহরুখ-সালমানের এই লড়াই দেখতে মুখিয়ে থাকবে বলিউডের দর্শক!
আসছে বছরে ঈদ উপলক্ষে শাহরুখ খান ও সালমান খানের মুখোমুখি হওয়া নিয়ে সিনেমার বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ নিশ্চিত করে বলেন, ‘না, সালমান খানের ‘সুলতান’ ছবিটি দীপাবলিতে নয়, বরং ঈদেই মুক্তি পাচ্ছে। যার মানে হচ্ছে এখন পর্যন্ত ব্কস অফিসে ‘সুলতান’ আর ‘রইস’-এর সংঘর্ষ জারি রইলো।
ইউটিউবে মুক্তি পাওয়া শাহরুখ খানের আসন্ন ছবি ‘রইস’ এবং সালমান খানের ‘সুলতান’-এর টিজার প্রকাশের পরই দর্শকের মধ্যে ছবি দুটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়। কারণ ছবি দুটির প্লট অন্যান্য বলিউডের গতানুগতিক ছবি থেকে পুরো ভিন্ন ঘরানার।
আসছে ঈদে সালমান-শাহরুখ যদি তাদের ছবি ‘সুলতান’ ও ‘রইস’ নিয়ে বক্স অফিস দখলের লড়াইয়ে মুখোমুখি হনই, তাহলে তা হবে বলিউডের ইতিহাসে অবিস্মরণীয় দিন!
শাহরুখ খান অভিনীত রাহুল ধোলাকিয়ার নির্মাণে আসছে ‘রইস’ নামের ছবি। আর সেই ছবিতে শাহরুখের সাথে রয়েছেন পাকিস্তানি নায়িকা মাহিরা খান। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সম্প্রতি ‘মাঝি দ্য মাউন্টেন ম্যান’ ছবিতে অভিনয় করা নওয়াজউদ্দিন সিদ্দিকী।
অন্যদিকে আলি আব্বাস জাফরের নির্মাণে ‘সুলতান’ ছবিতে একজন কুস্তিগীরের চরিত্রে অভিনয় করতে চলেছেন সুপারস্টার অভিনেতা সালমান খান। তবে ছবিতে তার নায়িকা কে হবেন তা এখনো জানা যায়নি।
উল্লেখ্য, চলতি বছরে বলিউডে ইতিহাস সৃষ্টি করা ছবি ‘বজরঙ্গি ভাইজান’ মুক্তির পর গতমাসের ১৩ তারিখে মুক্তি পেয়েছে সালমান অভিনী সুরজ বারজাত্যের ছবি ‘প্রেম রতন ধন পায়ো’। মুক্তির পর থেকেই ছবিটি আয় করেছে ৩০০ কোটি রুপিরও উপরে। যা বলিউডের ইতিহাসে বিরল!
অন্যদিকে শাহরুখ খান অভিনীত বছরজুড়ে কোনো ছবি মুক্তি না পেলেও, বছর শেষে চলতি বছরের আঠারো তারিখে মুক্তি পেয়েছে রোহিত শেঠির ছবি ‘দিলওয়ালে’। মুক্তির পঞ্চম দিনে ছবিটি দেড়শো কোটিরও বেশী আয় করেছে।

