বিনোদন ডেস্ক : আঠারো ডিসেম্বর চলতি বছরে নিজের প্রতীক্ষিত ছবি ‘দিলওয়ালে’ মুক্তি পেয়েছে। মুক্তির পরেও চলছে বলিউড বাদশাহ শাহরুখের প্রমোশনের কাজ। আর এরই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি ছুটে গেলেন প্রাণের শহর কলকাতায়। নিজের জন্ম এই শহরে না হলেও কলকাতার জন্য যে বিশেষ মায়া আছে তার হৃদয়ে!
জানা গেছে, ‘দিলওয়ালে’ মুক্তির পর প্রমোশনের জন্য এই প্রথম পছন্দের শহর কলকাতায় গেলেন বলিউড কিং শাহরুখ। এমনিতেই তিনি ব্যাপক জনপ্রিয় সেখানে। তার উপর আইপিএল-এর সৌজন্যে ‘কলকাতা নাইট রাইডার্স’-এর মালিক হওয়ায় তাকে নিয়ে আরো বেশী উন্মাদনা কলকাতায়। তাই দেখা যায়, ‘দিলওয়ালে’ টিমকে নিয়ে তিনি যখন কলকাতা বিমান বন্দরে নামলেন তখন তাকে অভ্যর্থনা জানাতে হাজারো মানুষের মিছিল!
কলকাতার মানুষের এমন উন্মাদনা শাহরুখ বরাবরই উপভোগ করেন বলেও জানিয়েছেন। এবং বারবার এই শহরে আসতে পেরে নিজেও গর্ববোধ করেন, কারণ এটা নাকি তার নিজের শহরের মতোই লাগে। সে কথা জানিয়ে শাহরুখ বললেন, ‘যখনই আমি কলকাতায় আসি, আমার সব সময়ই মনে হতে থাকে কলকাতা আমার নিজের শহর। এবং এই শহরে আমি বন্ধু বান্ধব, শিল্পী এবং সহকর্মীদের নিয়ে দলেবলেই আসি। এবং আমার খুব গর্ববোধও হয়।’
আমি কিজন্যে এখানে এসেছি তা মূখ্য থাকে না এই কলকাতায় এলে। কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে ‘দিলওয়ালে’ অভিনেত্রী কাজলের পাশে বসে কলকাতা সম্পর্কে এভাবেই গতকাল মন্তব্য করেন শাহরুখ।
কলকাতার মানুষ যে তাকে ‘দাদা’ বানিয়ে দিয়েছে সেকথাও টিপ্পনীর সুরে কাজলকে বলেন শাহরুখ।
উল্লেখ্য, গত আঠারো ডিসেম্বর ভারতসহ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে রোহিত শেঠির ছবি ‘দিলওয়ালে’। মুক্তির প্রথম দিনেই ছবিটি আয় করেছে ২১ কোটি রুপি। এখনও দাপট নিয়েই চলছে ছবিটি। ছবিতে শাহরুখ কাজল ছাড়াও অভিনয় করেছেন বরুন ধাওয়ান, কৃতি স্যানন, বোমান ইরানি এবং জনি লিভার।

