স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার চতুর্থ ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন স্টিভ স্মিথ। সব মিলিয়ে তিনি একাদশ ক্রিকেটার হিসেবে জিতেছেন এই পুরস্কার। স্মিথ ২০১৫ সালের বর্ষসেরা টেস্ট ক্রিকেটারও হয়েছেন। এর আগে অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, মিশেল জনসন ও মাইকেল ক্লার্ক সম্মানজনক এই পুরস্কার জিতেনে। অবশ্য পন্টিং ও জনসন দুবার করে হয়েছেন আইসিসির বর্ষসেরা।
বর্ষসেরা ক্রিকেটারের খেতাব জেতা অন্যরা হলেন ভারতের রাহুল দ্রাবিড়, ইংল্যান্ডের অ্যান্ড্রু ফ্লিনটফ ও দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস (যৌথভাবে ২০০৫ সালে), ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ন চন্দরপল, ভারতের শচীন টেন্ডুলকার, ইংল্যান্ডের জনাথন ট্রট ও শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। আর একই বছরে বর্ষসেরা ক্রিকেটার ও বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হওয়াদের মধ্যে স্মিথ সপ্তম। ১৮ সেপ্টেম্বর ২০১৪ সাল থেকে চলতি বছর ১৩ সেপ্টেম্বর পর্যন্ত পারফরম্যান্সের ভিত্তিতে স্মিথকে বর্ষসেরা নির্বাচিত করা হয়।
এই সময়ের মধ্যে নিউ সাউথ ওয়েলসের এই ব্যাটসম্যান ১৩ ম্যাচে ২৫ ইনিংসে সর্বোচ্চ ১৭৩৪ রান করেন। তার রানের গড় ৮২.৫৭। যেখানে তার সাতটি সেঞ্চুরি ও ছয়টি হাফসেঞ্চুরি রয়েছে। একই সময়ে ২৬ ওয়ানডে ম্যাচে করেছেন ১২৪৯ রান। চার সেঞ্চুরি ও আট হাফসেঞ্চুরিসহ তার রানের গড় ৬০ এর কাছাকাছি। বর্ষসেরা ক্রিকেটার হওয়ার প্রতিক্রিয়ায় স্মিথ বলেন, ‘বিশ্বের অনেক সেরা ক্রিকেটারদের মধ্যে এমন একটি এ্যাওয়ার্ড পেয়ে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। দলের সাফল্য আমার কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার। সেক্ষেত্রে এ ধরনের পুরস্কার সত্যি বিশেষ কিছু। আমি এর জন্য অত্যন্ত গর্বিত।’
এদিকে আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। যিনি এই সময়ে ২০ ইনিংসে করেছেন ১২৬৫ রান। একই এ্যাওয়ার্ড ২০১০ সালেও জিতেছেন তিনি। সম্প্রতি আইসিসি ঘোষিত ওয়ানডে সেরা দলের অধিনায়ক হিসেবেও এসেছে ভিলিয়ার্সের নাম। ভিলিয়ার্সের টিমমেট ফাফ ডু প্লেসিস বর্ষসেরা টি২০ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।
বর্ষসেরা মহিলা ক্রিকেটার হযেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিং। মেয়েদের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্টেফানে টেলর। আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ার জোস হাজলউড। সংযুক্ত আরব আমিরাতের খুররম খান অধিভুক্ত দেশগুলোর মধ্যে বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন। নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলাম আইসিসি স্পিরিট ক্রিকেটিং এ্যাওয়ার্ড পেয়েছেন।
বর্ষসেরা আম্পায়ার হয়েছেন আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার রিচার্ড কেটলবার্গ। সায়মন টোফেল ও আলিম দার তৃতীয় আম্পায়ার হিসেবে হ্যাটট্রিক বর্ষসেরা আম্পয়ার হলেন এই ইংলিশ আম্পায়ার।

