স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুম শেষেই আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই বলছেন নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলাম। আগামী ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলবেন তিনি। তাই আগামী বছর মার্চে অনুষ্ঠেয় টি২০ বিশ্বকাপ খেলা হচ্ছে না এই ব্যাটসম্যানের। ম্যাককুলামের স্থলাভিষিক্ত হিসেবে অধিনায়কত্ব করবেন কেন উইলিয়ামসন।
মঙ্গলবার অবসরের এই ঘোষণা দেন ম্যাককুলাম। তিনি বলেন, ‘প্রত্যেক ভালো জিনিষেরই শেষ আছে। নিউজিল্যান্ডের হয়ে ১০১ নম্বর টেস্টই হবে তার বিদায়ী ম্যাচ। যা হবে সিরিজের দ্বিতীয় টেস্ট; ফেব্রুয়ারির ২০ তারিখ ক্রাইশ্চার্চে শুরু হবে ম্যাচটি। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, ‘আমি দেশের হয়ে খেলার এবং অধিনায়কত্ব করার সুযোগটাকে দুর্দান্ত ভালোবেসেছি।’
মার্চের ৮ থেকে এপ্রিলের ৩ তারিখ পর্যন্ত হবে টি২০ বিশ্বকাপ। অথচ তার আগেই হার্ডহিটার এই ব্যাটসম্যান অবসরে যাচ্ছেন। যিনি এ্যাডাম গিলক্রিস্টের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে ছক্কার সেঞ্চুরি করেছেন। এর কারণও ব্যাখ্যা করেছেন ম্যাককুলাম। তিনি বলেন, ‘সংবাদটি দিতে আমি ক্রাইশ্চার্চে টেস্ট পর্যন্ত অপেক্ষা করতে চাই। এরপর আইসিসি ওয়ার্ল্ড টি২০ এর সূচি নির্ধারিত হয়েছে। তবে আমি সেই পর্যন্ত বিষয়টি ঝুলিয়ে রাখতে চাই না।’
শ্রীলঙ্কার বিপক্ষে হ্যামিল্টন টেস্টে অপরাজিত সেঞ্চুরি করে জয় নিশ্চিত করেন উইলিয়ামসন। এখন তার ওপরই বর্তাবে টি২০ বিশ্বকাপে কিউইদের নেতৃত্ব। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
তার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয় ২০০২ সালে। এ পর্যন্ত খেলেছেন ৯৯ টেস্ট। যেখানে ১১ সেঞ্চুরি করেছেন। কিউইদের হয়ে একমাত্র ট্রিপল সেঞ্চুরির মালিকানাও তার দখলে। মোট রান করেছেন ৬,১৭২। স্টিফেন ফ্লেমিংয়ের পর নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক। ২৫৪ ওয়ানডেতে পাঁচ সেঞ্চুরিসহ করেছেন ৫,৯০৯ রান। উভয় ফরম্যাটে ৩১টি করে হাফসেঞ্চুরি করেছেন তিনি। আর ৭৪ টি২০ ম্যাচ খেলে দুটি সেঞ্চুরি ও ১৩টি হাফসেঞ্চুরির মারে করেছেন ২১৪০ রান।
উল্লেখ্য, ২০১২ সালে রস টেলর সরে দাঁড়ানোর পর অধিনায়কত্ব করে আসছেন ব্রেন্ডন ম্যাককুলাম। এর মধ্যে ৩১ টেস্টে নেতৃত্ব দিয়ে ব্ল্যাক ক্যাপদের ১১ ম্যাচে জয় ১১টিতে ড্র এনে দেন। তিনি নিউজিল্যান্ডের সফলতম অধিনায়ক।

