বিনোদন ডেস্ক : সিনেমা মুক্তি। অথচ নায়িকা নেই। এ নিয়ে সংবাদ সম্মেলনে বিব্রত নির্মাতা নাদের চৌধুরীও। তার নির্মাণে আগামী ২৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘লালচর’। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও মোহনা মীম।
ইতিমধ্যেই ছবিটির জোর প্রচারণা চলছে। ট্রেলার আর গানে সাবলিল উপস্থাপনায় নজর কেড়েছেন নবাগতা মোহনা মীম। রিয়েলিটি শো সেরা নাচিয়ে’র মাধ্যমে তার যাত্রা শুরু হয়েছিলো। তারপর ‘লালচর’। সিনেমা শেষ করেই মীম চলে গিয়েছিলেন কলকাতায়। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য অভিনয়ে সাময়িক বিরতি।
তাই বলে চলচ্চিত্র মুক্তির দিন থাকবেন না তা কি করে হয়। মীম আসছেন উড়ে। আগামী ২৪ ডিসেম্বর দুপুরের ফ্লাইটে মীম ঢাকায় আসবেন। ২৪ তারিখ সিনেমার প্রিমিয়ার। সেখানে উপস্থিত থাকবেন মীম। তারপর সময় দেবেন ছবির প্রচারণায়।
এ প্রসঙ্গে নাদের চৌধুরী বলেন, ‘‘লালচর’ সিনেমার মুক্তি উপলক্ষেই মীম ঢাকায় আসছেন। এর আগে তিনি অংশ নিবেন সিনেমার প্রিমিয়ার শোতে। চলচ্চিত্রে নতুন হলেও তার সুনিপূণ অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের মন জয় করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। মীম তার শতভাগ প্রচেষ্টার মাধ্যমে এই সিনেমায় নিজেকে উপস্থাপন করেছেন।’
উল্লেখ্য, আগামী ২৫ ডিসেম্বর ঢাকাসহ দেশের অধিকাংশ প্রেক্ষাগৃহে জাজ মাল্টিমিডিয়ার পরিবেশনায় বছরের শেষ সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে ‘লালচর’ । এই সিনেমায় মোহনা মীম ছাড়া আরো অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, নাদের চৌধুরী, মাসুম আজিজ, ঝুনা চৌধুরী, সাবিহা আজিজ, শহীদুজ্জামান সেলিম, রফিকুল্লাহ সেলিম, কাজী শিলাসহ মঞ্চের কয়েকজন তরুণশিল্পী।

