স্পোর্টস ডেস্ক : কিউই দলে ঢোকার পর থেকেই অসম্ভব রকমের ধারাবাহিকতা দেখিয়ে আসছেন। তাকে ভাবা হচ্ছিল, নিউজিল্যান্ডের ভবিষ্যত বড় তারকা। সেই তকমাটা এখন লেগেই যাচ্ছে কেন উইলিয়ামসনের গায়ে। ব্যাট হাতে একের পর এক কীর্তি তাকে বড় তারকা হওয়ার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
২০১৫ সালে উইলিয়ামসনের যা অর্জন তাতে নিউজিল্যান্ডের ‘গোল্ডেন বয়’ বললে অত্যুক্তি হবে না। রান করা যেন তার কাছে পৃথিবীর সবচেয়ে সহজতম কাজ। নিউজিল্যান্ডও এগিয়ে যাচ্ছে তরতর করে। একটা ছোট পরিসংখ্যান এটা বোঝার জন্য যথেষ্ট যে, গত চার বছরে নিউজিল্যান্ড শুধু একটি মাত্র টেস্ট সিরিজ হেরেছে। সাদা পোষাকে দুর্দান্ত পারফরমেন্সে জন্য আইসিসির টেস্ট র্যাংকিংয়েও চমক দেখিয়েছেন তিনি। নিউজিল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসাবে দখল করেছেন আইসিসির টেস্ট র্যাংকিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় প্রথম স্থান।
উইলিয়ামসন হ্যামিল্টনে শ্রীলংকার বিপক্ষে ১০৮ রানের অপরাজিত ইনিংস খেলে জিতিয়েছেন নিউজিল্যান্ডকে। ভেঙে ফেলেছেন কোন কিউই ব্যাটসম্যানের এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রানের রেকর্ড। এক নজরে চোখ বোলানো যাক উইলিয়ামসনের অর্জনগুলোর দিকে।
* শ্রীলংকার বিপক্ষে উইলিয়ামসনের ১০৮ রানের ইনিংসটি ২০১৫ সালে তার পঞ্চম সেঞ্চুরি। এক পঞ্জিকা বর্ষে নিউজিল্যান্ডের আর কোন ব্যাটসম্যানই এত সেঞ্চুরি করার কৃতিত্ব দেখাতে পারেননি।
* এই বছর এখন পর্যন্ত উইলিয়ামসনের সংগ্রহ ১১৭২ রান। গড় ৯০.১৫। পাঁচ সেঞ্চুরির পাশে রয়েছে চারটি ফিফটি। এই রান নিউজিল্যান্ডের যে কোন ব্যাটসম্যানের পক্ষে সর্বোচ্চ। উইলিয়ামসনের আগে এই রেকর্ড গড়েছিলেন ব্রেন্ডন ম্যাককালাম, ২০১৪ সালে। তিনি এক পঞ্জিকাবর্ষে তুলেছিলেন ১১৬৪ রান।
* ২০১৫ সালে উইলিয়ামসন হলেন পঞ্চম ব্যাটসম্যান যিনি ১০০০ রান অতিক্রম করার নজির গড়েছেন। ১৩ টেস্টে এই বছর এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুকের (১৩৫৭)। এরপরই রয়েছেন যথাক্রমে জো রুট, ডেভিড ওয়ার্নার এবং স্টিভেন স্মিথ।
* লংকানদের বিপক্ষে উইলিয়ামসনের সেঞ্চুরিটি ১৩তম। সমসংখ্যক সেঞ্চুরি রয়েছে স্বদেশী রস টেলরেরও। নিউজিল্যান্ডের হয়ে রেকর্ড ১৭টি সেঞ্চুরি আছে কিংবদন্তি মার্টিন ক্রো’র। আর মাত্র চারটি সেঞ্চুরি করতে পারলেই উইলিয়ামসন ছুঁয়ে ফেলবেন ক্রো’কে।
* সব ফরম্যাট মিলে ২০১৫ সালে ২৬৩৩ রান করেছেন উইলিয়ামসন। এই তালিকায় সবার উপরে আছেন লংকান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা। গত বছর সব ফরম্যাটে তার ব্যাট থেকে এসেছে ২৮৬৮ রান। উইলিয়ামসনের সামনে সাঙ্গার রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে। এই বছরই শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে নিউজিল্যান্ড। রেকর্ড ভাঙতে উইলিয়ামসনের দরকার ২৩৬ রান।
* এই প্রথম আইসিসি টেস্ট র্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করলেন উইলিয়ামসন। এরআগে ২০১৫ সালের শুরু থেকে বিরতি দিয়ে শীর্ষস্থানে ছিলেন যথাক্রমে স্টিভেন স্মিথ, জো রুট এবং এবি ডি ভিলিয়ার্স।
* লংকানদের বিরুদ্ধে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জেতা নিউজিল্যান্ড ২০১২ সালের মার্চ থেকে এ পর্যন্ত ঘরের মাঠে কোন সিরিজ হারেনি।

