স্পোর্টস ডেস্ক : হ্যামিল্টন টেস্টে দুদলের ব্যাটসম্যানরাই পাল্লা দিয়ে শামিল হচ্ছেন ব্যর্থতার মিছিলে। শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড উভয় দল মিলে রবিবার হয়েছে ১৬ উইকেটের পতন। এরপরও শেষ সমীকরণটা কিউইদের দিকেই ঝুঁকে রয়েছে। সোমবার ম্যাচের চতুর্থ দিনে জয়ের জন্য ৪৭ রান প্রয়োজন স্বাগতিকদের। অপরদিকে জিততে হলে এই সময়ের মধ্যে শ্রীলঙ্কাকে তুলে নিতে হবে পাঁচটি উইকেট।
দুশমন্ত চামিরার বোলিং নৈপুণ্যে প্রথম ইনিংসে স্বাগতিকদের ২৩৭ রানে আটকে দেয় লঙ্কানরা। আগের দিনের নয় উইকেটে ২৩২ রান নিয়ে শনিবার দ্বিতীয় দিনের খেলা শেষ করে নিউজিল্যান্ড। রোববার মাত্র ৫ রান যোগ করে বাকি এক উইকেট হারায় স্বাগতিকরা। তাই প্রথম ইনিংসে ২৯২ রান করেও ৫৫ রানের লিড পায় শ্রীলঙ্কা।
তবে দ্বিতীয় ইনিংসে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে অ্যাঞ্জেলো ম্যাথুস বাহিনী। টিম সাউদি, নেইল ওয়াগনার ও ডগ ব্রেসওয়েলের ত্রিমুখি বোলিং তোপে পড়ে লঙ্কান ব্যাটসম্যানরা। তাই মাত্র ১৩৩ রানে গুটিয়ে যায় তাদের দ্বিতীয় ইনিংস। দুই অঙ্কে পৌঁছেছেন তিনজন ব্যাটসম্যান। এর মধ্যে সর্বোচ্চ ৪৬ রান করেন কুশাল মেন্ডিস। এছাড়া দ্বিমুথ করুণারত্নে ২৭ ও মিলিন্দা সিরিওয়ার্দানা করেন ২৬ রান। আর অতিরিক্ত থেকে আসে আরো ১৬ রান। সাউদি ২৬ রানের বিনিময়ে ৪টি, ওয়াগনার ৪০ রানে ৩টি এবং ব্রেসওয়েল ৩১ রানে দুটি করে উইকেট নেন।
সেই সুবাদে জয়ের জন্য নিউজিল্যান্ডের সামনে ১৮৯ রানের লক্ষ্য নির্ধারিত হয়। লক্ষ্য তাড়া করতে কিউই ব্যাটসম্যানরাও শামিল হন ব্যর্থতার মিছিলে। ১৪২ রানের মধ্যে পাঁচজন ব্যাটসম্যান আউট হয়ে ফিরে যান সাজঘরে। কেন উইলিয়ামসন সর্বোচ্চ ৭৮ রান করে অপরাজিত রয়েছেন। এছাড়া রস টেলর ৩৫ ও ম্যাককালাম ১৮ রান করেন। লঙ্কানদের পক্ষে প্রথম ইনিংসে পাঁচ উইকেট শিকারি চামিরা দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন চার উইকেট।

