বিনোদন ডেস্ক : হুমায়ূনের স্মৃতিঘেরা নুহাশপল্লীতে শেষ দৃশ্যের চিত্রায়নের মাধ্যমে শুটিং পর্ব শেষ করেছে ‘কৃষ্ণপক্ষ’। পাশাপাশি ডাবিং ও এডিটিং এর কাজও প্রায় শেষ। সব ঠিক থাকলে আগামী বছরের ২৯ জানুয়ারি মুক্তি পেতে পারে ‘কৃষ্ণপক্ষ’। তাই ছবিতে ব্যবহৃত একটি গানের ভিডিওসহ কিছু অংশ অনলাইনে প্রকাশ করা হয়েছে।
‘ঠিকানা আমার নোটবুকে আছে, নোটবুক নেই কাছে। তিন নম্বর ভূতের গলি এইটুকু মনে আছে, আর মনে আছে তুমি বলে ছিলে রোজ সন্ধার পরে সুযোগ পেলে তুমি হাটাহাটি কর তোমার ছাদে’। এস আই টুটুলের কণ্ঠে এ গানটি যখন বেজে চলছে, তখন হলুদ পাঞ্জাবী গায়ে চড়িয়ে হিমু সেজে পর্দায় হাজির চিত্রনায়ক রিয়াজ। হঠাৎ দেখা মিললো গল্পের নায়িকা অরুও। কিন্তু সেদিকে মুহিবের খুব একটা নজর নেই। সে ব্যস্ত ছোট্ট নীলাকে নিয়ে। অনেকটা হুমায়ূনের আভাস ছড়িয়ে অনলাইনে ইতিমধ্যেই ঝড় তুলেছে কৃষ্ণপক্ষ’র প্রথম লুকটি।
উল্লেখ্য, নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কৃষ্ণপক্ষ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘কৃষ্ণপক্ষ’ ছবিটি। গত ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিনে মুক্তি দেয়ার কথা থাকলেও ছবির নায়ক রিয়াজ হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লে শুটিং পিছিয়ে যায়। ইমপ্রেস টেলিফিল্ম ও মেহের আফরোজ শাওনের যৌথ প্রযোজনায় ছবিটিতে রিয়াজ ছাড়াও রয়েছেন মাহিয়া মাহি, ফেরদৌস, তানিয়া আহমেদ, মৌটুসী বিশ্বাস, আজাদ আবুল কালাম, কায়েস আহমেদ, ফারুক আহমেদ প্রমুখ।

