স্পোর্টস ডেস্ক : ভাগ্য তবে ফিরেই গেল মোহাম্মদ আমিরের। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এই পাকিস্তানি পেসারের জন্য প্রত্যাবর্তনের সিঁড়ি হয়ে থাকল। চিটাগং ভাইকিংসের হয়ে দুর্দান্ত বোলিং করার পর নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন স্পট ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছর নিষিদ্ধ থাকা এই পেসার। জাতীয় দলের ক্যাম্পের জন্য টি২০ অধিনায়ক শহীদ আফ্রিদির নেতৃত্বে ২৬ সদস্যের দলে ডাক পেয়েছেন আমিরও।
আগামী বছর ভারতে অনুষ্ঠেয় টি২০ বিশ্বকাপের প্রস্তুতির জন্যই নির্বাচকরা এই ক্যাম্পের ব্যবস্থা করেছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান এই দলের অনুমোদন দিয়েছেন। পিসিবি এক বিবৃতিতে জানায়, এই ক্যাম্পের মূল উদ্দেশ্য হল আসন্ন আন্তর্জাতিক ইভেন্ট সমূহকে সামনে রেখে খেলোয়াড়দের সামগ্রিক ফিটনেস বাড়ানো।
ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজে ব্যর্থতাকে মাথায় রেখেই আমিরকে ক্যাম্পে নেওয়া হয়েছে। ২৩ বছর বয়সী এই সেনসেশন ক্যাম্পে ডাক পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লিখেছেন, ‘দেশের জন্য আমি শতভাগ দেওয়ার চেষ্টা করব।’ এছাড়া নিজের পরিবার, বন্ধুবান্ধব ও সমর্থক যারা এতোদিন সহযোগিতা করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান আমির।
উল্লেখ্য, মাত্র ১৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত এক অভিষেক হয়েছিল আমিরের। এক বছরের মধ্যে সব ফরম্যাটে ৪৭ আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়ে ৯৯টি উইকেট। ২০১০ সালে তৎকালীন অধিনায়ক সালমান বাট ও আরেক পেসার মোহাম্মদ আসিফের সঙ্গে ইংল্যান্ড সফরে ফিক্সিংয়ে জড়িয়ে পড়েন আমির। সে কারণেই কারাভোগসহ পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটাতে হয়েছে তাকে। নিষেধাজ্ঞার মেয়াদ গত বছরই শেষ হয়েছে।

