স্পোর্টস ডেস্ক : ক্রিস গেইল এবার মাঠে নামছেন নতুন রূপে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের মাঝপথে চলে গেছেন। ব্যাট হাতে দানবীয় কিছু করতে পারেননি। এজন্যই কি বিগ ব্যাশে নতুন ব্যাট নিয়ে নামছেন গেইল? উত্তরটা তিনি নিজেই ভাল বলতে পারবেন। উদ্দেশ্য যাই হোক বিগ ব্যাশ লিগে সোনালী রঙের ব্যাট নিয়েই মাঠে নামছেন ওয়েস্ট ইন্ডিজের এই টি২০ স্পেশালিস্ট।
গেইলের জন্য সোনালি রঙের ব্যাট তৈরি করেছে ক্রিকেট সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা স্পার্টান ৷ হঠাৎ কেন এই ব্যতিক্রমী উদ্যোগ? সোনালী কালারের এই ব্যাট তৈরিতে কিইবা ব্যবহার করা হয়েছে? সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান কুনাল শর্মা। বলেছেন ‘এখানে সাধারণ ব্যাটের ওপর শুধু সোনালি রঙের স্প্রে করা হয়েছে ৷ যাতে উজ্জ্বল দেখায়৷ এ ছাড়া আর কোনো রকম ধাতু ব্যবহার করা হয়নি।’ প্রতিষ্ঠানটি আরো জানিয়েছে, ছোট বাচ্চাদের আগ্রহের উপর ভিত্তি করেই এই ব্যাট বানিয়েছে।
শনিবারই মেলবোর্ন রেনেগেডসের হয়ে মাঠে নেমেছেন গেইল। সেখানে এই ব্যাট নিয়েই মাঠে নামার কথা। ক্রিকেট অস্ট্রেলিয়া অবশ্য জানিয়েছে নিয়ম মেনে ব্যাট বানানো হলে রঙে কোনো সমস্যা নেই। সংস্থাটির পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয়েছে, খেলোয়াড়রা ক্রিকেটের নিয়ম মেনে সরঞ্জাম ব্যবহার করছে কি না, সেদিকে সিএ নজর রাখে৷ সেই নিয়ম মেনে যদি সোনালী ব্যাট তৈরি হয়ে থাকে তবে খেলতে আপত্তি নেই।’

