বিনোদন ডেস্ক : বলিউড কিং শাহরুখ খান ও দক্ষিণী সুপারস্টার অভিনেতা রজনীকান্তের পর চেন্নাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের ১ কোটি রুপি সহায়তা দিলেন বলিউডের অ্যাকশন-কমেডিয়ান হিরো অক্ষয় কুমার।
চেন্নাইয়ে তুমুল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় আক্রান্ত হয়ে শহরের রাস্তা ঘাটসহ বিমান সংযোগ পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছিল। এমনকি বন্যায় অন্তত ৩০০ মানুষ প্রাণ হারিয়েছেন। অসংখ্য ঘর বাড়ি ভেসে গেছে এই নির্মম প্রাকৃতিক দুর্যোগের কারণে। স্মরণকালে চেন্নাইয়ের এই ভয়াবহ বন্যায় আক্রান্তদের পাশে এখন ভারতীয় সর্বশ্রেণির রাজনৈতিক থেকে তারকা জগতের মানুষেরাও। সম্প্রতি মোটা দাগে বলিউড বাদশাহ শাহরুখ খান এক কোটি রুপি অর্থ সহযোগিতা দেয়ার পর তাকে টেক্কা দিয়ে চেন্নাইয়ে বন্যাদুর্গতদের সহাযোগিতায় ১০ কোটি রুপি অর্থ দেন দক্ষিণী সুপারস্টার অভিনেতা রজনীকান্ত। আর এবার সেই তালিকায় যুক্ত হলেন অ্যাকশন হিরো খ্যাত অভিনেতা অক্ষয় কুমারও।
জানা যায়, প্রথমেই চেন্নাই আক্রান্তদের টিভিতে দেখে তাদের সহায়তায় অর্থ দেয়ার কথা জানান অক্ষয়। আর তখনই নির্মাতা প্রিয় দর্শনকে ডেকে এক কোটি রুপি অর্থ দেয়ার কথা বলেন তিনি। অক্ষয়ের কাছ থেকে এক কোটি রুপির চেক গ্রহণ করেন আরেক নির্মাতা জয়েন্দ্র। যিনি চেন্নাইয়ে আক্রান্ত মানুষের জন্য গঠিত ‘ভূমিকা ট্রাস্ট’-এর নির্বাহী।
ক’দিন আগেই শাহরুখ খান ও ‘দিলওয়ালে’ টিম চেন্নাইয়ে বন্যাদুর্গতের জন্য ১কোটি রুপি জমা দিয়েছেন ত্রান তহবিলে। এছাড়াও বলিউডে ও তামিল, তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারাও ত্রান তহবিলের অর্থায়নে যোগ দিয়েছেন। দক্ষিণী স্টার আল্লু অর্জুন এবং সূর্য প্রত্যেকে ৫০ লাখ করে অর্থ দিয়েছেন। ‘রঙ দে বাসন্তী’ খ্যাত অভিনেতা সিদ্ধার্থ এবং আরজে বালাজি সেই শুরু থেকেই স্বশরীরে দুর্গতদের জন্য কাজ করে যাচ্ছেন। শাহরুখ খান, রজনীকান্ত এবং অক্ষয় কুমার ছাড়াও চেন্নাইয়ে আক্রান্ত মানুষকে অর্থ দিয়ে সহায়তা করেন কমল হাসান, ধানুশ, মহেশ বাবুর মত খ্যাতিমান তারকারা।
উল্লেখ্য,গত একমাসের বৃষ্টিতে চেন্নাই প্লাবিত হয়েছে। একটানা ভারি বৃষ্টিপাতের কারণে বিমানবন্দরসহ সব ধরণের যানবাহন যোগাযোগও বন্ধ রয়েছে। এ পর্যন্ত প্রবল বন্যার শিকার হয়ে ২৮০ জন প্রাণ হারান। চেন্নাইয়ে এমন প্রাকৃতিক বিপর্যয়ের পর পুরো ভারতের সর্বশ্রেণির মানুষ চেন্নাইয়ে আক্রান্তদের পাশে এসে দাঁড়িয়েছেন। এরমধ্যে বিনোদন জগতের তারকা সবচেয়ে এগিয়ে।

