বিনোদন ডেস্ক : ১৮ ডিসেম্বর শুক্রবার ভারতসহ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে রোহিত শেঠির নির্মাণে বলিউড কিং শাহরুখ খান ও কাজল অভিনীত চলতি বছরের বহুল প্রতীক্ষিত ছবি ‘দিলওয়ালে’। ছবি মুক্তির আগে প্রায় মাসব্যাপী দেশে বিদেশে প্রমোশন করেছেন পুরো দিলওয়ালে টিম। এমনিতেই শাহরুখ প্রচারণায় সবার চেয়ে এগিয়ে। তারউপর নিজের প্রোডাকশন হাউজের সিনেমাও যে এটি! আর মুক্তির মাত্র দু’দিন আগের এক প্রচারণায় গিয়ে এবার নিজের ছোট ছেলে আব্রামকেও টেনে নিয়ে এলেন এই তুমুল জনপ্রিয় অভিনেতা!
প্রচারণায় গিয়ে মুক্তির একদিন আগে এবার ব্যবহার করলেন নিজের ছোট্ট ছেলে আব্রামের নামও। কিভাবে? তাহলে শুনুন, শাহরুখ খান ও কাজল সম্প্রতি ‘দিলওয়ালে’র একটি প্রমোশনাল অনুষ্ঠানে গেলেন। আর সেখানেই শাহরুখকে উদ্দেশ্য করে বলা হল, ‘শাহরুখ ও কাজলের পর বলিউডের সেরা জুটি কাদের মনে হয়?’ এমন প্রশ্নে মোটেও বিব্রত কিংবা কুণ্ঠাবোধ না করে হাস্যরসে জবাব দিলেন শাহরুখ খান। উপস্থিত দর্শকের উদ্দেশ্যে তাকিয়ে থেকে স্বভাবসুলভ হাসিতে শাহরুখ বললেন, ‘আব্রাম এবং ঐশ্বরিয়ার কন্যা আরাধ্যই হবে ভবিষ্যতের সফল জুটি। কারণ তাদের স্ক্রিনে একসঙ্গে সত্যিই কিউট দেখাবে!’
শাহরুখের এমন কথা শুনে কাজল হেসে খুন! তাকে থামিয়ে কাজল বলে উঠলেন, ‘চুপ করো শাহ! আব্রাম আরাধ্যর চেয়ে ছোট!’ কাজলের কথা থামতেই শাহরুখ ফের বলে উঠলেন, তাতে কি? আমি যদি তোমার চেয়ে ছোট হতাম, তাহলে কি তুমি আমার সাথে রোমান্স করতে না? আসলে ভালোবাসার কোনো বয়স নেই।’
হ্যাঁ, শাহরুখই সত্য। ভালোবাসার কোনো সীমানা নেই, কোনো বয়স নেই। তবে শাহরুখের এমন কথার পর সবাই এখন অধীর অপেক্ষা করবে শাহরুখ পুত্র আব্রাম ও ঐশ্বরিয়া কন্যা আরাধ্যকে একসঙ্গে পর্দায় দেখতে!

