স্পোর্টস ডেস্ক : ভারতের সাবেক অলরাউন্ডার মনোজ প্রভাকরকে আফগানিস্তান দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আপাতত ২০১৬ ভারতে অনুষ্ঠেয় টি২০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করবেন। প্রভাকর কাজ করবেন প্রধান কোচ ইনজামাম-উল-হকের সঙ্গে। ভারতের মাটিতে বিশ্বকাপ হওয়ায় উঠতি দল আফগানিস্তানকে দারুনভাবে সাহায্য করতে পারবেন প্রভাকর। আফগানদের বোলিং কোচ হতে পেরে সাবেক এই অলরাউন্ডার যারপনারই খুশি, ‘আমি গর্বিত যে আফগান দলকে নির্দেশনা দিতে পারবো। তারা দুর্দান্ত প্রতিভাবান এবং আমি নিশ্চিত, আসছে বছরে আফগানিস্তান দলকে ক্রিকেটের প্রতিটি ফরম্যাটে গণনায় ধরতে হবে।’
এর আগে প্রভাকর কোচিং করিয়েছেন দিল্লি রাজ্য দলকে। ২০১১-১২ মৌসুমে রঞ্জি ট্রফির দু’দিন আগে খেলোয়াড় এবং নির্বাচকদের কড়া সমালোচনা করায় তাকে বরখাস্ত করা হয়। প্রভাকরকে নিয়োগ দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের দ্বিপাক্ষিক চুক্তির অংশ হিসেবে। দুই বোর্ড সাম্প্রতিক সময়ে মউ চুক্তি স্বাক্ষর করেছে। তাতে বলা হয়েছে, আফগানরা বৃহত্তর শহীদ বিজয় সিং পথিক স্পোর্টস কমপ্লেক্সকে তাদের হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারবে।
গত ছয় মাস ধরে দারুণ পারফর্ম করে আসছে আফগানরা। সাত ম্যাচের মধ্যে পাঁচ ম্যাচই তারা জিতেছে। জুলাইয়ে আয়ারল্যান্ডে টি২০ বিশ্বকাপের বাছাইপর্ব খেলে আফগানরা মূল টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করে। জিম্বাবুয়ে সফরে গিয়ে তারা ৩-২ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে রীতিমতো ইতিহাস গড়ে। দুই ম্যাচের টি২০ সিরিজে আফগানিস্তান স্বাগতিকদের হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছে।
প্রধান কোচ ইনজামামের অধীনে অভাবনীয় সাফল্য পাচ্ছে আফগানরা। তার সঙ্গে এবার যোগ হলেন প্রভাকর। তার অন্তর্ভুক্তি আফগানদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে সন্দেহ নেই। গ্রুপ ‘বি’তে আফগানদের প্রতিপক্ষ স্কটল্যান্ড, জিম্বাবুয়ে এবং হংকং। এই চার দলের মধ্যে যারা চ্যাম্পিয়ন হবে তারা যোগ দেবে সুপার টেনে, গ্রুপ ১-এ। সেখানে রয়েছে, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, এবং ওয়েস্ট ইন্ডিজ।

