নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহবাগ এলাকায় সাবেক রুপসী বাংলা হোটেলের সংস্কারের মধ্যে নতুন নির্মাণাধীন ভবনের জন্য ঢালাইকালে ছাদ ধসে এক শ্রমিক নিহত এবং ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহত শ্রমিকের নাম আলতাফ হোসেন (৪০)। আহতদের মধ্যে রয়েছেন জাকিরুল (২৪), হযরত আলী (৩০), শাফি (১৯), মজনু (৩২), ফজলু (৩০), রিপন (৩২), প্রদীপ (২৮), শাহিনুর (২৫), মোক্তার (৩৮), আলম (৩৫)।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর চার জনকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মিজানুর রহমান বলেন, ‘রুপসী বাংলার সিঁড়ির ঢালাইয়ের কাজ চলছিল। উপরে দিকে ১২-১৪ জন এবং নিচের দিকে ৭-৮ জন শ্রমিক ছিল। হঠাৎ এটি ধসে পড়ে। নিচের লোকজন সরে যেতে পারলেও ছাদের লোকজন সরতে পারেনি।’
সহকর্মী ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। হাসপাতালে ১১ জন শ্রমিককে নেয়ার পর তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ তারকা হোটেল রূপসী বাংলা সংস্কারকাজের জন্য গতবছর ১ সেপ্টেম্বর বন্ধ করে দেওয়া হয়। নতুন রূপ দেওয়ার পর ৪৮ বছরের পুরোনো এই হোটেল নাম হবে ‘ইন্টারকন্টিনেন্টাল’।

