বিনোদন ডেস্ক : মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান বর্তমানে তার পরবর্তী ছবি ‘দঙ্গল’ নিয়ে দারুণ ব্যস্ত আছেন। তার এই ছবিই বদলে দিল যায়রা ওয়াসিম নামের এক কাশ্মিরী কিশোরীর জীবন। কারণ এই ছবিতে আমির খানের মেয়ের চরিত্র অভিনয় করার সুযোগ পেয়েছেন তিনি।
জানা গেছে, মহাবীর সিং এবং তার দুই মেয়ে গীতা ও ববিতা কুমারির আত্মজীবনী অবলম্বন করে নির্মাতা নিতেশ তিওয়ারি নির্মাণ করতে চলেছেন ছবি ‘দঙ্গল’। আর আমির খান নিতেশের এই ছবিতে কুস্তিগীর মহাবীর সিংয়ের চরিত্রে অভিনয় করছেন। আর এই ছবিতে আমির খানের মেয়ে গীতার চরিত্রে অভিনয় করছেন কাশ্মিমের ১৫ বছর বয়সী এক কিশোরী মেয়ে যায়রা ওয়াসিম। যে এখনো পড়েছেন সবে মাত্র দশম শ্রেণিতে।
যায়রা ওয়াসিম। যাকে মাস ছ’য়েক আগেও তার অঞ্চলেই তাকে কেউ চিনতো না। অথচ ছ’মাসের ব্যবধানে এখন গোটা ভারত চেনে কিশোরী যায়রাকে। কারণ তিনি অভিনয় করছেন আমির খানের আসন্ন ছবি ‘দঙ্গল’-এ।
হাজার হাজার তরুণীর সাথে যুদ্ধ করে ‘দঙ্গল’-এ এই চরিত্রটি ভাগিয়ে নিতে পারবেন তা কখনোই কল্পনাই করেননি স্বয়ং যায়রা ওয়াসিম। কিন্তু ভাগ্য বলেতো একটা কথা থাকে, তার উপর ভর করেই যেন সবাইকে হঠিয়ে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খানের সাথে কুস্তিগীর গীতা’র চরিত্রটি ভাগিয়ে নেন তিনি। মুম্বাইয়ে এরইমধ্যে টানা ছ’মাস শ্যুটিংও করে ফেলেছেন যায়রা। বর্তমানে তিনি নিজ বাড়ি শ্রীনগরে ফিরে এসেছেন।
ছবিতে প্রথমবার যায়রা, তাও আবার যেনতেন কোনো ছবি নয়। সুপারস্টার অভিনেতা আমির খানের সাথে। তাই ছবিতে তার অভিনয়ের অভিজ্ঞতা জানতেই যায়রা বলেন, আমি এই জগতে একবারেই আনকোরা। তাই প্রথমে বেশ নার্ভাস লাগছিল আমার। তবে শেষ পর্যন্ত গত ছয়মাসে আমার জীবনকে পুরো বদলে দিয়েছে ‘দঙ্গল’ ছবিটি। শারিরীক ও মানসিকভাবেও প্রচুর অভিজ্ঞতা নিয়েছি। কারণ এই ছবিতে আমার চরিত্র মহাবীর সিংয়ের মেয়ে গীতা চরিত্রটি। যার জন্যে আমাকে কুস্তি সম্পর্কে জানতে ও শারিরীকভাবে শিখতেও হয়েছে।
‘দঙ্গল’ ছবিতে যোগ দেয়া প্রসঙ্গে যায়রা বলেন, ‘দঙ্গল’ ছবিতে অভিনয়ের আগে আমি মাত্র দুটো বিজ্ঞাপনে কাজ করার সুযোগ পেয়েছি। সপ্তাহব্যাপী একটি ওয়ার্কশপে যোগ দিতে একদিন কাস্টিং ডিরেক্টর মুকেশ ছোবরা আমাকে কল করেন। আমি উনার কথামত ওই ওয়ার্কশপে উপস্থিত ছিলাম। সেখানে প্রচুর তরুণীও উপস্থিত ছিলেন। তাদের অনেকে মোটামুটি তারকা। প্রচুর বিজ্ঞাপন ও সিরিয়ালেও কেউ কেউ কাজ করছিলেন। আমি ধরেই নিয়েছিলাম হয়তো এই ছবিতে আমার কোনো স্থানই হবে না। অবশেষে আমাকেই পছন্দ করলেন গীতা চরিত্রে। এমন কথা শোনার পর আমি নির্বাকই হয়ে গিয়েছিলাম উত্তেজনায়।
উল্লেখ্য, গীতা ভারতে প্রথম নারী, যিনি কুস্তি লড়ে ২০১০ সালে কমনওয়েলথ গেমসে সোনা ছিনিয়ে আনেন। যাকে প্রশিক্ষণ দেন তারই বাবা মহাবীর সিং।

