স্পোর্টস ডেস্ক : হঠাৎই স্প্যানিশ লা লিগার বড় দলগুলো হোঁচট খেতে শুরু করেছে। আগের দিন বার্সেলোনা দেপার্তিভো লা করুনার সঙ্গে ড্র করেছে। রোববার রাতে ভিয়ারিয়ালের কাছে হেরেই গেছে রিয়াল মাদ্রিদ। খেলা শুরুর আট মিনিটের মধ্যেই সাবেক টটেনহ্যাম স্ট্রাইকার রবার্দো সলদাদোর একমাত্র গোলে ১-০ ব্যবধানে রোনালদো-বেনজেমাদের বিপক্ষে জয় পায় ভিয়ারিয়াল।
এই হারে লা লিগায় পয়েন্ট তালিকার তিন নম্বরেই রয়েছে রাফায়েল বেনিতেজের শিষ্যরা। ১৫ ম্যাচে তাদের ৩০। অপরদিকে সমান ম্যাচে ৩৫ পয়েন্ট করে অর্জন বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদের। অ্যাথলেটিকো বিলবাওকে ২-১ গোলে হারিয়ে বার্সাকে ধরে ফেলে অ্যাতলেটিকো। দেপার্তিভোর সঙ্গে ড্র করার পরও গোল ব্যবধানে এগিয়ে থাকায় বার্সাই রয়েছে টেবিলের শীর্ষে। আর ভিয়ারিয়াল ২৭ পয়েন্ট নিয়ে রয়েছে তালিকার পাঁচ নম্বরে।
ক্যাম্প এল মাদ্রিগালে অতিথি হয়ে খেলতে যায় ক্রিশ্চিয়ানো রোনালদোরা। ঘরের মাঠে শুরুর দিকটা দুর্দান্তই খেলেছে ভিয়ারিয়াল। তবে গোলটা নিজেদের দুর্বলতার কারণেই খেয়েছে রিয়াল মাদ্রিদ। লুকাস মডরিচ তার পজিশন ছাড়লে ক্রেডিক বাকাম্বুর দেওয়া বলে রবার্তো সলদাদো গোল করেছেন। সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমবার এসেই গোলের দেখা পেলেন এই স্প্যানিশ ফুটবলার।
যদিও দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর জন্য চেষ্টা করেছে রিয়াল। ক্রিশ্চিয়ানো রোনালদো ও করিম বেনজেমাদের সেই চেষ্টা অবশ্য কাজে লাগেনি। গত মাসে এল-ক্লাসিকোতে বার্সার কাছে ৪-০ গোলে হারের পর আর কোনো ম্যাচ হারেনি রিয়াল মাদ্রিদ। শেষ পাঁচ ম্যাচেই তারা জিতেছে।

