স্পোর্টস ডেস্ক : কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রংপুর রাইডার্সের হয়ে ব্যাট-বলে কোনটাতেই জ্বলে উঠতে পারেননি অধিনায়ক সাকিব আল হাসান। তবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে প্রথম ম্যাচের ভূল আর করবেন না বলে জানিয়েছিলেন রংপুরের অধিনায়ক। কিন্তু দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচেও হার। বরিশালের কাছে ৫ উইকেটে হেরে আর ফাইনালে ওঠা হয়নি রংপুরের। দলের এমন বাজেভাবে হারের জন্য বোলিং ডিপার্টমেন্টেকে দায়ী করেছেন রংপুরের কোচ শেন জার্গেনসন।
যদিও রংপুরের বোলাররা মাত্র দশ রানের মাথায় বরিশালের দুই ওপেনারকে সাজঘরে ফেরৎ পাঠান। এরপর সাব্বির রহমান ও শাহরিয়ার নাফীস প্রতিরোধ গড়ে তোলেন। ম্যাচের বাকীটা সময় রংপুরের বোলারদের ব্যাট হাতে শাসন করেন বরিশালের এই দুই ব্যাটসম্যান।
ম্যাচ শেষে এ প্রসঙ্গে রংপুরের কোচ শেন জার্গেনসেন বলেন, ‘এদিন আমাদের পুরো বোলিং ডিপার্টমেন্ট বাজে বোলিং করেছে। দলে থাকা স্পিনাররা তাদের লাইন লেন্থ অনুযায়ী বোলিং করতে পারেনি। এমন সাধারণমানের বোলিং দিয়ে কোনো ম্যাচ জেতা যায় না। তার ওপর শিশির পড়ায় বোলারদের ভালো বল করতেও অসুবিধা হয়েছে।’

