আন্তর্জাতিক ডেস্ক : মায়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি এবার দেশের আবর্জনা দূর করতে তৎপর হয়েছেন। রোববার তাকে ঝাড়ু হাতে রাস্তায় জঞ্জাল পরিস্কার করতে দেখা যায়। গত ৮ নভেম্বরের নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের পর এবারই প্রথম জনসমক্ষে হাজির হলেন তিনি।
এএফপি জানিয়েছে, সু চি তার দলের জনসেবার অঙ্গীকার জনগণের সামনে তুলে ধরতে এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
সু কি তার দল ন্যাশনাল লীগ ফর ডেমক্রেসির (এনএলডি) নবনির্বাচিত এমপিদের বলেছেন, তারা তাদের নিজ নিজ সংসদীয় এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আক্ষরিক অর্থে সম্পূর্ণ দায়বদ্ধ। তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি সংক্ষেপে এনএলডি গত ৮ নভেম্বরের নির্বাচনে প্রায় ৮০ শতাংশ আসনে জয়ী হয়েছে।
মায়ানমারে অন্যতম সমস্যা হচ্ছে আবর্জনা। দেশটিতে নিয়মিত আবর্জনা সংগ্রহ ও সেগুলো ফেলার যথাযথ স্থানের ঘাটতি রয়েছে। সত্তর বছর বয়সী সু চি তার দলের সদস্য ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে নিয়ে ইয়াঙ্গুনের উপকণ্ঠে তার সংসদীয় এলাকা কাউমুতে পরিচ্ছন্নতা অভিযানের নেতৃত্ব দেন।
তিনি পুরানো প্লাস্টিক ব্যাগ ও অন্যান্য জঞ্জাল তুলে আনতে ময়লার মধ্যে হাত ঢুকিয়ে দেন। এ সময় তার হাতে গ্লাভস পরা ছিল। তিনি এক হাতে একটি সাদা ব্যাগ ধরেছিলেন এবং রাস্তায় পরে থাকা ময়লা তুলছিলেন। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলেননি। তিনি কেবল তাদেরকে ছবি না তোলার অনুরোধ জানান।
ইয়াঙ্গুন থেকে নবনির্বাচিত এমপি থেট কিন বলেন, ‘আমরা যে জনগণের সেবা করবো আবর্জনা পরিষ্কারের ঘটনা তার প্রথম উদাহরণ। এটা সব এমপিদের জন্য একটা মৌলিক ও গুরুত্বপূর্ণ শিক্ষা।’
উত্তরাঞ্চলের মেন্দালয় নগরীতেও এনএলডি পার্টি পরিচ্ছন্ন অভিযান চালায়। এতে সন্ন্যাসী থেকে শুরু করে নগর কর্মকর্তারাও অংশ নেন।
তবে এই পরিচ্ছন্নতা অভিযানকে দেশ পরিচালনার এক প্রতীকী প্রস্তুতি হিসেবেই দেখছেন পর্যবেক্ষকরা। আগামীতে সরকার গঠনের পর এনএলডি’কে যে দেশে দীর্ঘদিন ধরে বিরাজমান অর্থনৈতিক ও সামাজিক সঙ্কট মোকাবেলা করতে হবে, পরিচ্ছন্ন অভিযানের মাধ্যমে তারই শুভসূচনা করলেন সু চি।
সুচির পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছিলেন স্থানীয় নেতা মিও অং। তিনি নেত্রীর এ কাজের প্রশংসা করে বলেন,‘আমাদের এমন নেতা দরকার যিনি কথা না বলে কিছু করে দেখাবেন। সুচি হচ্ছেন এমনই এক নেতা। তিনি কাজে বিশ্বাসী-কথায় নয়।’

