আন্তর্জাতিক ডেস্ক : সুইজারল্যান্ডে জাতিসংঘের উদ্যোগে শান্তি আলোচনা শুরুর প্রাক্কালে সোমবার থেকে সাত দিনের অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে ইয়েমেনের বিবাদমান পক্ষগুলো। মঙ্গলবার ওই শান্তি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।
ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী আবদেল মালেক আল মেকলাফি বলেছেন, সোমবার সন্ধ্যা থেকে বিবাদমান দলগুলো লড়াই বন্ধ করবে। ইরানের সমর্থনপুষ্ট হুতি বিদ্রোহীরাও এই অস্ত্রবিরতির সত্যতা স্বীকার করেছে। রাজধানী সানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে হুতি নেতা মোহাম্মেদ আবদুল সালাম বলেছেন, ‘আমরা চলতি মাসের ১৪ তারিখ (সোমবার) থেকে শুরু হওয়া অস্ত্রবিরতিতে সম্মত হয়েছি।’ প্রেসিডেন্ট মনসুর হাদি গত সপ্তাহে এই অস্ত্রবিরতির প্রস্তাব দিয়েছিলেন। আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত এটি বহাল থাকার কথা রয়েছে।
সুইজারল্যান্ডে অনুষ্ঠেয় শান্তি আলোচনায় প্রেসিডেন্ট মনসুর হাদি যে প্রতিনিধি দল পাঠাচ্ছে তার নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আবদেল মালেক। এ সম্পর্কে তিনি রয়টার্সকে বলেছেন,‘আমরা এ আলোচনাকে গুরুত্ব সহকারে নিয়েছি। আশা করছি অন্য পক্ষগুলোও একইভাবে এগিয়ে আসবে।’
ইয়েমেন গত নয় মাস ধরে চলা যুদ্ধে প্রায় ৬ হাজার মানুষ নিহত হয়েছে যাদের অর্ধেকই বেসামরিক নাগরিক।

