আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় সরকার বাহিনী এবং রাশিয়ার সেনাবাহিনীর বিমান হামলায় ৪১ বেসামরিক নিহত হয়েছে। দেশটির দামেস্কাস শহরতলীতে রোববার ওই হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছে আল জাজিরা।
আহমেদ নামে সিরিয়ার দাওমা শাখার সিভিল ডিফেন্স বিভাগের এক কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছে, ঘাওতা জেলার দামেস্ক শহরতলীতে সরকার বাহিনীর বিমান এবং রকেট হামলা চালানো হয়েছিল।
তিনি আরো জানিয়েছেন, ‘দাওমায় হামলার ঘটনায় কমপক্ষে ৪১ বেসামরিক নিহত হয়েছে। এদের মধ্যে ৯ শিশুও ছিল। ওই হামলা আরো ২শ ৫০ জন আহত হয়েছে।’
আল হোসেন আল বাসরি নামের একটি স্কুল হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। ওই হামলায় স্কুলের প্রিন্সিপাল এবং চার ছাত্র নিহত হয়েছে। আহত ছাত্রদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সময় সকাল ৮টার দিকে ওই অভিযান চালানো হয়েছিল। গত তিনমাসে ওই এলাকায় অবিরতভাবে রকেট এবং বিমান হামলা চালানো হচ্ছে। ওই হামলায় কোনো জঙ্গি নিহত হয়নি। বরং হামলায় যারা নিহত হয়েছে তারা সবাই বেসামরিক।
আহমেদ জানিয়েছে, বিভিন্ন হামলায় বেসামরিক নাগরিকদের প্রতিদিন মূল্য দিতে হচ্ছে। সিরিয়ার সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় আড়াই লাখ মানুষ প্রাণ হারিয়েছে।

