আন্তর্জাতিক ডেস্ক : উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার আভ্যন্তরীণ কোন্দল এবং সেই সাথে গোদের উপর বিষ ফোঁড়ার মত দেশটিতে ইসলামিক স্টেটের হুমকি মোকাবেলায় ইতালির রোমে লিবিয়ান নেতাদের সাথে যুক্তরাজ্যের মধ্যস্ততায় একটি চুক্তি করতে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিসহ ঐক্যবদ্ধ পশ্চিমা কূটনীতিকেরা।
লিবিয়াতে পশ্চিমাদের হস্তক্ষেপ নতুন কিছু নয়। ২০১১ সালে লিবিয়ার প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে দেশটিতে চলছে ত্রিপলি এবং তবরুক ভিত্তিক দুই শক্তির দলাদলি এবং কোন্দল। বর্তমানে এর সাথে যুক্ত হয়েছে জঙ্গি সংগঠন আইএসের হুমকি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং ইতালির পররাষ্ট্রমন্ত্রী পাওলো গেন্তিলিনি রবিবার রোমে একটি বৈঠকের আয়োজন করেন যেখানে আফ্রিকান ইউনিয়ন, আরবলীগ এবং জাতিসংঘসহ আরো ১৬টি দেশের শীর্ষ কূটনীতিকেরা উপস্থিত ছিলেন।
এই বৈঠকে পশ্চিমা নেতারা এমন একটি চুক্তির সত্যায়ন করছেন যেটাতে লিবিয়ার কোন্দলরত দলগুলো ঐক্যের লক্ষ্যে আগামী বুধবার মরক্কোতে স্বাক্ষর করবেন। চুক্তি অনুযায়ী আগামী ৪০ দিনের মধ্যে লিবিয়া জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটি সরকার গঠন করবেন এবং সব দলের সহযোগিতায় এমন একটি নিরাপত্তা ব্যবস্থা করবেন যাতে আইএসের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায়।
লিবিয়ানরা প্রেসিডেন্সি কাউন্সিল গঠনের জন্য আগামী বছরের ফেব্রুয়ারী মাসের গোড়া পর্যন্ত সময় পাবেন। তারা এই চুক্তিতে স্বাক্ষর করার পরপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ থেকে চুক্তি বাস্তবায়নের অনুমতি প্রদান করা হবে।

