স্পোর্টস ডেস্ক : আগামী ২০১৬ সালে ফ্রান্সে অনুষ্ঠিত হবে ইউরো ফুটবলের জমজমাট আসর। বাছাই পর্ব শেষ আগেই। শনিবার রাতে প্যারিসে হয়েছে টুর্নামেন্টের ড্রও। যেখানে তুলনামূলক সহজ গ্রুপেই পড়েছে স্বাগতিক ফ্রান্স, জার্মানী ও পর্তুগাল।
স্বাগতিক বলেই বাছাই পর্ব খেলতে হয়নি ফ্রান্সের। এ গ্রুপে ফরাসিদের বাকি তিন প্রতিপক্ষ আলবেনিয়া, রোমানিয়া ও সুইজারল্যান্ড। বাছাইপর্বে শতভাগ সাফল্য পাওয়া ইংল্যান্ড তাদের ‘বি’গ্রুপে পেয়েছে প্রতিবেশী গ্যারেথ বেলের ওয়েলস, স্লোভাকিয়া ও রাশিয়াকে।
বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি রয়েছে সি গ্রুপে। বাকি সদস্যরা পোল্যান্ড, নর্দান আয়ারল্যান্ড ও ইউক্রেন। গত দুই বারের চ্যাম্পিয়ন স্পেনের ‘ডি’ গ্রুপে আছে চেক রিপাবলিক, তুরস্ক ও ক্রোয়েশিয়া।
বিশ্ব র্যাংকিংয়ের এক নম্বর দল বেলজিয়ামের ‘ই’ গ্রুপটাকে বলা যেতে পারে টুর্নামেন্টের সবচেয়ে কঠিন গ্রুপ। ইব্রাহিমোভিচের সুইডেন, আয়ারল্যান্ড ও ইতালি পড়েছে এই গ্রুপে। অন্যদিকে হালের জনপ্রিয় ফুটবলার ক্রিশ্চিয়ানা রোনালদোর পর্তুগাল রয়েছে এফ গ্রুপে। তাদের সঙ্গী আইসল্যান্ড, হাঙ্গেরি ও অস্ট্রিয়া।
ইউরোতে এবারই প্রথম দল বেড়ে দাড়িয়েছে ২৪টিতে। ছয় গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ মিলিয়ে ১২টি দল পাবে পরের রাউন্ডের টিকিট।
ইউরোর গ্রুপিং
গ্রুপ-এ: ফ্রান্স, আলবেনিয়া, রোমানিয়া, সুইজারল্যান্ড
গ্রুপ-বি: ইংল্যান্ড, ওয়েলস, স্লোভাকিয়া, রাশিয়া
গ্রুপ-সি: জার্মানি, নর্দান আয়ারল্যান্ড, পোল্যান্ড, ইউক্রেন
গ্রুপ-ডি: স্পেন, তুরস্ক, চেক রিপাবলিক, ক্রোয়েশিয়া
গ্রুপ-ই: বেলজিয়াম, আয়ারল্যান্ড, সুইডেন, ইতালি
গ্রুপ-এফ: পর্তুগাল, আইসল্যান্ড, হাঙ্গেরি, অস্ট্রিয়া

