স্পোর্টস ডেস্ক : মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং সাকিব আল হাসানের রংপুর রাইডার্সের সমান ১৪ পয়েন্ট নিয়েও এলিমিনেটর পর্বে খেলতে হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের বরিশাল বুলসকে। গ্রুপ পর্বে নেট রান রেটে পিছিয়ে থাকার কারণেই তারা পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে।
আজ দিনের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ ধুকতে ধুকতে শেষ চারে জায়গা করে নেয়া কুমার সাঙ্গাকারার ঢাকা ডায়নামাইটস। বরিশালের বিধ্বংসী ক্রিস গেইল ও ঢাকার ক্লাসিক কুমার সাঙ্গাকারার লড়াই ফাইনালে ওঠার। তবে শনিবারের ম্যাচে জয় পেলেই অবশ্য ফাইনালে খেলা হচ্ছে না। এ ম্যাচে জয়ী দলকে শনিবারে প্রথম ম্যাচে কোয়ালিফায়ার পর্বে হারা দলের মুখোমুখি হয়ে জিততে হবে। আর ওই ম্যাচটি রোববার অনুষ্ঠিত হবে। আজ বরিশাল ও ঢাকার ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। এ ম্যাচটি দেখা যাবে বিটিভি ও চ্যানেল নাইনে।
টি২০ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন ক্রিস গেইলের বিধ্বংসী রূপ দেখেছে চিটাগং ভাইকিংস। প্রথম দুই ম্যাচে মাত্র আট করে রানে আউট হন জ্যামাইকান এই বাঁহাতি ব্যাটিং দানব। কিন্তু তৃতীয় ম্যাচেই নিজের রুদ্র মূর্তি দেখান গেইল। মাত্র ৪৭ বলে অপরাজিত ৯২ রান করে বরিশালকে সহজ জয় এনে দেন। সেদিন ছক্কা হাঁকান ৯টি। গেইলের স্বরূপে ফেরাই ভয়ের কারণ হয়ে দেখা দিয়েছে ঢাকার জন্য।
এছাড়া বরিশালের স্থানীয় ব্যাটসম্যানরাও রয়েছেন দারুণ ফর্মে। আল-আমিনদের নিয়ে বোলিং আক্রমণও ভালো করছে। ক্রিস গেইলকে ছাড়াই বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে এই ঢাকাকে দুই উইকেট হারিয়েছিল বরিশাল। গেইলের সঙ্গে বিপিএলের এক মাত্র সেঞ্চুরিয়ান স্বদেশি এভিন লুইস যদি দাঁড়িয়ে যায়, তাহলে প্রতিপক্ষের কী হাল হবে সেটাই দেখার অপেক্ষা। শেষ ম্যাচে প্রথম সুযোগ পাওয়া বরিশালের নিখিল দত্ত ও রায়াদ এমরিটও আছেন দুর্দান্ত ফর্মে। তাই সব মিলিয়ে বরিশালই শনিবারের এলিমিনেটর ম্যাচে এগিয়েই থাকছে।
শুক্রবার কোনো দলই অনুশীলন করেননি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ঢাকার মাহমুদউল্লাহ ও মুস্তাফিজুর রহমানও বিশ্রামে ছিলেন। ঢাকার লক্ষ্য শনিবারের ম্যাচে নতুন করে শুরু করা। লিগ পর্বে ১০ ম্যাচে মাত্র চারটিতে জয় পেয়েছে ডায়নামাইটস। ঢাকার অভিজ্ঞ অধিনায়ক কুমার সাঙ্গাকারাই ব্যাটিংয়ে একমাত্র ভরসা। ধারাবাহিকভাবে তিনি ঢাকার হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক।
আর স্থানীয়দের মধ্যে নাসির হোসেন-মোসাদ্দেক হোসেন ছোট-খাটো ইনিংস খেললেও দলের জন্য বড় কিছু করতে পারছেন না। বোলিংয়েও একই সঙ্গে জ্বলে উঠতে পারছে না ঢাকা ডায়নামাইটস। খুড়িয়ে খুড়িয়ে শেষ চারে জায়গা করে নিলেও এলিমিনেটর ম্যাচে বরিশালের জয় পাওয়া মোটেও সহজ হবে না। এই বিষয়টি নিয়ে আগেরদিন বলেছিলেন ঢাকার বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেল। এবার ঢাকা ও বরিশালের জম্পেশ একটি লড়াই উপভোগ করার অপেক্ষায় আছেন ক্রিকেটপ্রেমীরা।
কারা বিদায় নেবে, কারাইবা ফাইনালের পথে এগিয়ে যাবে একধাপ? সব দেখা যাবে আজ সন্ধ্যায়ই।

