নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীস্থ সরকারী তিতুমীর কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে কমপক্ষে ৭ জন।
শনিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলেন, সোহাগ (২২), আবু বক্কর (২৫), আব্দুল আজিজ (২০), নঈমুদ্দিন (২৫), জয় (২৫), আবু বক্কর মিয়া (২২) ও বিল্লাল হোসেন (২২)।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকালের কলেজ ছাত্রলীগের সিনিয়র-জুনিয়র দুই গ্রুপের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে তার জের ধরে দুপুর ১২টার দিকে দুই গ্রুপ ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় কলেজ ছাত্রলীগের ৭ কর্মী আহত হয়। আহতদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন খান জানান, সংঘষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে কলেজ ক্যাম্পাসে। এখন সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। আর কোনো সংঘর্ষ ঘটেনি। পরিস্থিতি এখন শান্ত আছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

