আন্তর্জাতিক ডেস্ক : জঙ্গি হামলার আশঙ্কায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মোবাইল পরিষেবা সাময়িক বন্ধ রাখা হয়েছিল। শুক্রবার জুমার নামাজের সময় অর্থাৎ বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বেশ কিছু এলাকায় এই সেবা বন্ধ রাখা হয় বলে জানিয়েছে ডন।
একটি মোবাইল ফোন অপারেটর কোম্পানির প্রতিনিধি ডনকে জানিয়েছে, নিরাপত্তা হুমকির কারণে পাকিস্তান টেলিযোগাযোগ কর্তৃপক্ষ এই নির্দেশনা দেয়।
তিনি জানান, কর্তৃপক্ষ তাদের ইসলামাবাদের G-6, G-7 ও F-6 সেক্টর এবং এর আশেপাশে এলাকায় সব ধরনের মোবাইল সেবা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছিল।
অবশ্য পাকিস্তানে নিরাপত্তার স্বার্থে মোবাইল পরিষেবা বন্ধ রাখার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ২৭ গত নভেম্বর ইসলামাবাদের G-6 এবং G-7 সেক্টরে শুক্রবার দিন মোবাইল পরিষেবা সাময়িক বন্ধ ছিল। দেশে শরিয়া আইন চালুর জন্য লাল মসজিদের ইমাম দেয়া ডেডলাইনও ছিল এই দিন।
সরকার নিরাপত্তার অজুহাত দেখালেও নাগরিকরা বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছে। অনেকে টুইটারে লিখেছেন, পাকিস্তান সন্ত্রাসের কারখানা বন্ধ না করে সন্ত্রাস বিরোধী যুদ্ধকে নাগরিক বিরোধী যুদ্ধে পরিণত করছে।

