আন্তর্জাতিক ডেস্ক : সাম্প্রতিক সময়ে সবচেয়ে সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) অর্থনৈতিক নেটওয়ার্কের প্রধান আবু সালেহ নিহত হয়েছেন। বৃহস্পতিবার মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র এ তথ্য জানিয়েছেন, তাদের জোটের বিমান হামলায় আবু সালেহ নিহত হয়েছেন। আইএসের আরও দুই জ্যেষ্ঠ নেতাও ওই বিমান হামলায় নিহত হয়েছেন।
আবু সালেহর প্রকৃত নাম মুওয়াফফাক মোস্তাফা মুহাম্মদ আল-কারমুশ। আইএসের এই সদস্য যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের কালো তালিকাভুক্ত সন্ত্রাসী বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
এএফপির খবরে বলা হয়েছে, ইরাকের রাজধানী বাগদাদ থেকে এক ভিডিও কনফারেন্সে যুক্তরাষ্ট্রের সেনা মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন আবু সালেহর মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। তিনি জানিয়েছেন, নভেম্বরে জোটের বিমান হামলায় আইএসের অর্থমন্ত্রী আবু সালেহ নিহত হয়েছেন। আইএসের অর্থনৈতিক নেটওয়ার্কের যে কয়জন সদস্য কয়েকমাসে নিহত হয়েছেন তাদের মধ্যে সালেহও ছিলেন।
তিনি আরো জানিয়েছেন, ‘ সালেহ আইএসের অর্থনৈতিক নেটওয়ার্কের সবচেয়ে জ্যেষ্ঠ নেতা। তিনি খুব অভিজ্ঞ ছিলেন।’

