আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়া থেকে আসাদকে জোর করে সরাতে হবে। এমনটাই বলেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আবদেল আল জুবায়ের। বৃহস্পতিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে আসাদ বিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেছেন। তিনি জানিয়েছেন, প্রেসিডেন্ট বাশার আল আসাদকে হয় আলোচনার মাধ্যমে ক্ষমতা থেকে সরে যেতে হবে, নাহলে তাকে জোর করে ক্ষমতাচ্যুত করতে হবে।
ভিয়েনায় আসাদ সরকারের সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সম্ভাব্য শান্তি আলোচনার লক্ষ্যে বিরোধী জোটদের নিয়ে এ বৈঠকের আয়োজন করেছিল উপসাগরীয় দেশগুলো।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তিনি আশা প্রকাশ করেন সিরিয়ার সরকারবিরোধী সব পক্ষ একটি সাধারণ লক্ষ্য নিয়ে বৈঠকে অংশ নিবেন।
সিরিয়ায় বিরোধী পক্ষের প্রতিনিধিরা রিয়াদে রাজনৈতিক ও সামরিক দিক দিয়ে একটি প্রতিনিধি পরিষদ গঠন করার বিষয়ে একমত হয়েছেন।

