দিনাজপুর প্রতিনিধি : জেলার তৃপ্তি ফিলিং স্টেশনে ডাকাতি করে পালিয়ে য়াওয়ার সময় এলাকাবাসীর গণপিটুনিতে আহত ৩ ডাকাতের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া ৩ এলাকাবাসী আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত নামা (৪০) এই ডাকাতের মৃত্যু হয়। সকাল সাড়ে ১০টা পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।
এদিকে, পুলিশ রাতেই অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৩টি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ৩টি মোটরসাইকেল এবং লুট হওয়া টাকা উদ্ধার করেছে। এ সময় আহত তিন ডাকাত ছাড়াও আরো ২ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিশিষ্ট ব্যবসায়ী জেলা বাস মালিক গ্রুপের সভাপতি ভবানী শংকর আগরআলার সদর উপজেলার নতুন ভূষিবন্দর তৃপ্তি ফিলিংস্টেশনে রাত ৯টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।
আহতদের মধ্যে দু‘জন এলাকাবাসীর নাম জানা গেছে। এরা হলেন-সদর উপজেলা কালিকাপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে রাজু সরকার ( ২৮) ও বাবু মিয়ার ছেলে আনিসুর রহমান (২৭)।
পেট্রোল পাম্পের ম্যানেজার অমল রায় জানান, রাত ৯টার সময় ৬টি মোটরসাইকেলে ১২/১৪জন যুবক পাম্পে এসে পিস্তল ঠেকিয়ে সাড়ে ৩ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়।
সুন্দরবন ইউনিয়ন পরিষদ সদস্য মো. রফিকুল ইসলাম জানান, ডাকাতির পর পালিয়ে যাবার সময় স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে রাণীগঞ্জ এলাকায় ২টি মোটরসাইকেলসহ ৩ জনকে আটক করে। উত্তেজিত জনতার পিটুনিতে ৩ ডাকাত আহত হন। তাদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি একেএম খালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ডাকাতের পরিচয় এখনো পাওয়া যায়নি।

