নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মহাখালীতে একটি বাসায় সশস্ত্র হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে দুইভাই গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনায় এক নারীকেও কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার ভোরে মহাখালীর আজরত পাড়ায় ২৬ নম্বর বাসার দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ দুইভাই হলেন আলেকজান্ডার রাজেশ (৩৫) ও লরেনজ ডিক্রুজ রঞ্জন (৩৮)। একই সময় তাদের বড়বোন বিপাশা ডিক্রুজকেও (৪২) কুপিয়ে জখম করে দুবৃত্তরা। এদের মধ্যে রাজেশ একটি বেসরকারি ব্যাংকে ও রঞ্জন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। তাদের বোন বিপাশা ডিক্রুজ ঢাকাস্থ সুইজারল্যান্ড অ্যাম্বাসিতে কাজ করেন।
আলেকজান্ডার রাজেশের স্ত্রী জেসি জান্ডার বলেন, ‘বাসায় আমরা ৫ জন থাকি। গত রাত আনুমানিক সাড়ে ৩টা থেকে ৪টার দিকে জানালার গ্রিল কেটে দরজার লক খুলে ভেতরে ঢোকেন। টের পেয়ে তাদের একজনকে ধরে ফেললে এলোপাতারি কোপ দেয়। এসময় ডাকাত, ডাকাত বলে চিৎকার করলে দুইভাইকে গুলি করে। এসময় শব্দে আশেপাশের ফ্ল্যাটের লোকজন চলে আসলে যে যার মতো পালিয়ে যায়। এরপর আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
দুর্বৃত্তরা ডাকাতি করতেই এসেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে বাসা থেকে কিছু নিতে পারেনি তারা। আর এজন্য ভিন্ন কিছু সন্দেহ করছেন রাজেশ ও রঞ্জনের ছোটভাই নরবাট গোমেজ। তিনি বলেন, ‘ডাকাতি করতে আসলেতো বাসা থেকে কিছু নিয়ে যেত। আমরা আসলে ভিন্ন ধর্মালম্বী (খ্রিস্টান), এজন্য দুর্বৃত্তরা সশস্ত্র আক্রমণ করেছে।’

