তথ্যপ্রযুক্তি ডেস্ক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘ফ্রিল্যান্সারদের জন্য স্বল্প মূল্যে উচ্চগতির ইন্টারনেট সুবিধা দিতে বিশেষ কার্ড দেওয়া হবে। যাতে তারা নিরবিচ্ছিন্নভাবে স্বল্প সময়ে কাজ সম্পন্ন করতে পারে। এ বিষয়ে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের সাথে চুক্তি করা হচ্ছে।’
তিনি আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ফ্রিল্যান্সার্স মিট-২০১৫ তে প্রধান অতিধির বক্তব্যে এসব কথা বলেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির এই সম্মেলনের আয়োজন করে।
তিনি বলেন, ‘বর্তমানে পুরুষের তুলনায় নারী ফ্রিল্যান্সাররা বেশি আয় করছে, তাই আউটসোর্সিং এ অধিক সংখ্যক নারী ফ্রিল্যান্সারের অংশগ্রহণ বাড়াতে হবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘তথ্যপ্রযুক্তি খাতে নতুন উদ্যোক্তা বাড়াতে সরকার ‘আর্ন অ্যান্ড পে’ নামে একটি নতুন কর্মসূচী হাতে নিয়েছে যাতে নতুন উদ্যোক্তাদের সিঙ্গেল ডিজিটের ঋণ সুবিধা দেওয়া হবে।
ফ্রিল্যান্সারদের নিয়ে আয়োজিত এই সম্মেলনে মুল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি সার্ভিসেস এলায়েন্স প্রেসিডেন্ট সান্তিয়াগো গোতিয়ারেজ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো: সবুর খান।
অনুষ্ঠানে সফটওয়্যার, ফিমেল, মোবাইল অ্যাপস, অনলাইন ব্লগিং ও কন্টেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব এপ্লিকেশন, এসইও ও অনলাইন মার্কেটিং, ফিমেল আউটসোর্সিং প্রফেশনাল, ইন্ডিভিজুয়েল আউটসোর্সিং প্রফেশনাল, স্টার্টআপ কোম্পানি, আউটসোর্সিং প্রতিষ্ঠান, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, মোবাইল এপ্লিকেশন, এন্টারপ্রেনার সহ বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৭৭ জন ফ্রিল্যান্সার কে অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়।
দ্বিতীয় পর্বে টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। এতে দেশের শীর্ষস্থানীয় তথ্য-প্রযুক্তিবিদ ও ফ্রিল্যান্সারগণ বিভিন্ন বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অ্যাকসেঞ্চার জাপানের সাবেক প্রেসিডেন্ট ক্লাইড উনো, বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) সভাপতি এএইচএম মাহফুজুল আরিফ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য) সভাপতি আহমেদুল হক ববিসহ অন্যান্যরা।

