চট্টগ্রাম প্রতিনিধি : বাঁশখালী উপজেলার গুনাগরি ডিগ্রি কলেজ এলাকায় পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। এসময় ডাকাতের গুলিতে দুই নারীসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার দিবাগত রাত আড়াইটার দিকে স্থানীয় আবুল মেম্বারের বাড়িতে এই ঘটনা ঘটে।
বাঁশখালী থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, ‘ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে ডাকাতরা গুলি ছুড়েঁ। এসময় পুলিশও পাল্টা গুলি ছুড়ঁলে এক ডাকাত নিহত হয়। এসময় ডাকাতের গুলিতে দুই নারীসহ পাঁচজন আহত হয়েছে। তবে নিহত ডাকাতের পাশ থেকে একটি অন্ত্র উদ্ধার করা হলেও অন্য কোনো ডাকাতকে আটক করা সম্ভব হয়নি।’ নিহত ডাকাতের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ বড়ুয়া জানান, বাঁশখালীতে ডাকাতির ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় দুই নারীসহ পাঁচজনকে ভোরে হাসপাতালে আনা হয়েছে। তাদের হাসপাতালের ক্যাজুয়েলটি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতরা হলেন, মো. আব্দুল করিম (৩৫), মো. আব্দুর রহিম (৩২), মো. আব্দুল খালেক (২৫), মোছাম্মৎ পাখি আক্তার (২৮) ও মোছাম্মৎ শাহেদা (২৮)।
ওসি স্বপন কুমার মজুমদার বলেন, ‘ডাকাতরা উপজেলার গুণাগুরি ইউনিয়নের স্থানীয় আবুল মেম্বারের বাড়ির প্রবাসী হেলাল উদ্দিনের ঘরে হানা দিয়েছিল। এসময় বাড়ির মানুষরা চিৎকার করলে ডাকাতদের এলোপাতাড়ি ছুরিকাঘাত ও ছররা গুলিতে দুই নারীসহ পাঁচজন আহত হয়।

