বগুড়া প্রতিনিধি : জামায়াতের আমির মতিউর রহমান নিজামীসহ সারাদেশে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে বগুড়া শহরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত।
কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল সাড়ে ৮টায় জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার উদ্যোগে শহরের মাটিডালি-বারপুর এলাকায় বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামায়াত নেতারা বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে সরকার জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে জামায়াতে ইসলামীকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে। জামায়াতের একজন নেতাকর্মী জীবিত থাকা অবস্থায় সরকারের এই খায়েশ কখনোই পূরণ হবে না বলে জামায়াত নেতারা হুশিয়ার করে দেন। তারা অবিলম্বে মাওলানা নিজামীসহ সারাদেশে গ্রেপ্তারকৃত সব নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবি জানান।
এদিকে, জামায়াতের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে শহরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। শহরের জিরো পয়েন্ট সাতমাথায় রায়টকার ও জলকামান মোতায়েন করা হয়েছে।


