জামালপুর প্রতিনিধি : জেলায় পিকআপভ্যানের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
রোববার সকাল সাড়ে ৮টায় জামালপুর মেলান্দহ সড়কের ঝিনাই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইসলামপুর উপজেলার বাহাদুরপুর গ্রামের পাংখা বেগম (৬০) ও বকশীগঞ্জ উপজেলার সাজিমারা গ্রামের হাওয়া বেগম (৫৮)।
আহতরা হলেন- ইসলামপুর উপজেলার মৌজাজাল্লাহ গ্রামের সিএনজি চালিত অটোরিকশার ড্রাইভার বাদল (৪০), বকশীগঞ্জ উপজেলার সাজিমারা গ্রামের লক্ষীণধর (৫০) ও ইসলামপুর উপজেলার বাহাদুরপুর গ্রামের উমর আলী (৪০)। আহতদের মধ্যে বাদল ও উমর আলীকে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হলেও অন্যদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানান, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা জামালপুরগামী সিএনজি চালিত একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় দুইজন নিহতসহ তিনজন আহত হন।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

