তথ্যপ্রযুক্তি ডেস্ক : ফেসবুকে চালু হলো লাইভ ভিডিও স্ট্রিমিং সার্ভিস। শুরুতে এই সুবিধা কেবলমাত্র সেলিব্রেটি এবং খ্যাতনামা ব্যক্তিরাই পাবে। এই সুবিধার আওতায় ‘হাইপ্রোফাইল’ ব্যক্তিরা তাদের জীবনের যেকোনো কিছু ভক্তদের সঙ্গে শেয়ার করার জন্য ফেসবুকের মাধ্যমে সরাসরি সম্প্রচার করতে পারবেন।
ফেসবুক জানিয়েছে, শুরুতে এই সেবা বিনামূল্যে দেয়া হবে। তবে এটি শুধু নির্দিষ্ট কিছু ব্যবহারকারীদের জন্য। এই সেবার আওতায় গ্রাহকরা মোবাইল ফোনের মাধ্যমে লাইভ ভিডিও প্রচার করতে পারবেন।
এর আগে টুইটারের মালিকানাধীন পেরিস্কোপ এটির ব্যবহারকারীদের ফোনের মাধ্যমে লাইভ ভিডিও প্রচার করার সুযোগ দিয়েছিল।
শুরুতে ফেসবুকের এই সুবিধা শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই মিলবে। যাদের আইফোন আছে তারাই ফেসবুকের মাধ্যমে লাইভ ভিডিও প্রচার করতে পারবেন।
নতুন ফিচারটির বিষয়ে একটি ব্লগপোস্টে ফেসবুক জানিয়েছে, খুব শিগগিরেই এই ফিচারটি সকলের ব্যবহারের জন্য উন্মুক্ত হচ্ছে।
ব্যবহারকারী লাইভ ভিডিও প্রচারের পরপরই এটি তার টাইম লাইনে সেভ হয়ে যাবে। পরবর্তীতে এটি দেখার সুযোগ রয়েছে।

