মাদারীপুর প্রতিনিধি : জেলার রাজৈর উপজেলায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী জহিরুল মোল্লাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকালে রাজৈর থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত গৃহবধূর নাম বানেছা বেগম।
নিহতের পারিবারিক সূত্রে ও রাজৈর থানা পুলিশ জানায়, ৪ বছর আগে রাজৈর উপজেলার আলমদস্তার গ্রামের সিদ্দিকুর রহমান মোল্যার ছেলে জহিরুর হক মোল্যার সঙ্গে পার্শ্ববর্তী মজুমদারকান্দি গ্রামের আলকাছ শেখের মেয়ে বানেছা বেগমের সম্পর্ক করে বিবাহ হয়। বিবাহের কিছুদিন যেতে না যেতেই জহিরুল স্ত্রীকে তার বাবার বাড়ি থেকে ১ লাখ টাকা আনার জন্য চাপ সৃষ্টি করে। বানেছার বাবা মেয়ের সুখ শান্তির কথা চিন্তা করে জামাই জহিরুল হক মোল্যাকে ১ লাখ টাকা দেয়। এরপরও টাকার জন্য স্ত্রীকে চাপ দিতে থাকে জহিরুল। চলতে থাকে নির্যাতন।
বৃহস্পতিবার রাতে যৌতুকের টাকা আনার জন্য স্ত্রী বানেছা বেগমকে মারধর করার এক পর্যায় গলা টিপে ও শ্বাসরোধ করে হত্যার পর ঘরের মধ্যে লাশ ফেলে রাখে।
রাজৈর থানার ওসি মো. আনোয়ার হোসেন ভূঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করা হেয়েছে।’

