সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর সোবহানীঘাটে পরিবহন শ্রমিক ও চালিবন্দর এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন আহত হয়েছেন।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সোবহানীঘাট কাঁচাবাজারের সামনে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে চালিবন্দর রাস্তার মুখে দাঁড় করিয়ে একটি লেগুনায় সবজি তুলছিলেন শ্রমিকরা। এ সময় চালিবন্দরের এক যুবক তাতে বাধা দেন।
রাস্তার মুখ থেকে গাড়ি সরিয়ে মালপত্র তুলতে বলেন ওই যুবক। এ সময় চালক ও শ্রমিকদের সাথে কথা কাটাকাটি হয় যুবকের। একপর্যায়ে চালক ও শ্রমিকরা ওই যুবককে ছুরিকাঘাত করেন।
এ খবর ছড়িয়ে পড়লে চালিবন্দর এলাকার লোকজন গিয়ে পরিবহন চালক ও সবজি বাজারের শ্রমিকদের উপর হামলার করলে দু’পক্ষের সংঘর্ষ বাধে। এ সময় সোবহানীঘাট সড়ক দিয়ে যানচলাচল বন্ধ হয়ে যায়।
প্রায় আধঘণ্টা ধরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। পরে স্থানীয় গণ্যমান্য লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। বিষয়টি নিষ্পত্তির চেষ্টা চলছে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ।

