চট্টগ্রাম প্রতিনিধি : পটিয়া উপজেলা থেকে খাদ্য বিভাগের মুনমুন আক্তার (৩০) নামে এক কর্মচারিকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২ ডিসেম্বর) অফিস শেষে নগরীতে ফেরার পথে তাকে অপহরণ করা হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) মুনমুনের পরিবারের পক্ষ থেকে পটিয়া থানায় একটি ডায়েরি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার এসআই শাহ আলম।
অপহৃত মুনমুন তার পরিবারের সাথে নগরীর বাকলিয়া থানার রাহাত্তার পুল এলাকায় থাকতেন।
এসআই শাহ আলম বলেন,‘নিখোঁজের ঘটনায় একটি ডায়েরি করেছে মুনমুনের পরিবার। তাদের অভিযোগ, বুধবার (২ ডিসেম্বর) মুনমুন অফিস শেষ করে রওনা দেওয়ার আগে তার মাকে টেলিফোন করে জানান তিনি বাড়ি ফিরছেন। কিন্তু এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছেনা। ঘটনায় পর থেকে মুনমুনের মোবাইলটিও বন্ধ পাওয়া যায়।’
তিনি আরো বলেন,‘পরে বৃহস্পতিবার সকালে মুনমুনের মোবাইল থেকে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। এ সময় টাকা না দিলে মুনমুনকে হত্যা করার হুমকি দেওয়া হয় বলে জানিয়েছে তার পরিবার।’
মুনমুনের মোবাইল ফোন ট্রেস সহ তাকে উদ্ধারে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি।

