নওগাঁ প্রতিনিধি : জেলার সাপাহার উপজেলার নিশ্চিন্তপুর মোড়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ একরামূল হক (৬০) ও মিনারা খাতুন (৪০) নামে স্বামী-স্ত্রী দম্পতিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে তাদের আটক করা হয়। আটক স্বামী-স্ত্রী দম্পতি সাপাহার উপজেলার সোনাডাঙ্গা গ্রামের বাসিন্দা।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিন্তপুর মোড়ে অভিযান চালায় সাপাহার থানা পুলিশ। এ সময় তল্লাশি চালানো হলে একরামূল ও তার স্ত্রী মিনারা খাতুনের কাছে একটি বিদেশি পিস্তল চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন পাওয়া যায়। এ সময় তাদের আটক করা হয়।
ওসি জানান, আটককৃতরা পাশের ভারত থেকে চোরাইপথে সীমান্ত পেরিয়ে দেশে অস্ত্র নিয়ে আসছিল। দীর্ঘদিন ধরে তারা আগ্নেয়াস্ত্রের ব্যবসা করার কথা পুলিশের কাছে প্রাথমিক জিঞ্জাসাবাদে স্বীকার করেছে।
এ বিষয়ে বেলা সাড়ে ১২টায় সাপাহার থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান ওসি রেজাউল ইসলাম।

